বোনাস চাওয়ার খবর উড়িয়ে দিলেন দোন্নারুম্মা
ইতালি অধিনায়ক বলেছেন, ১ ইউরোও বোনাস চাননি তিনি।
আসছে বিশ্বকাপে উঠতে পারলে ইতালির ফুটবলাররা বোনাস চেয়েছিলেন, এমন খবর উড়িয়ে দিলেন দলটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
গত মাসে প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে যায় ইতালি। এতে চারবারের চ্যাম্পিয়নরা টানা তৃতীয়বার বিদায় নেয় বাছাই পর্ব থেকে।
ইতালির গণমাধ্যমে খবর আসে, বিশ্বকাপে যেতে পারলে বোনাস চেয়েছিলেন খেলোয়াড়রা। স্কাই স্পোর্টস ইতালিয়ার সঙ্গে আলাপচারিতায় দোন্নারুম্মা বললেন, বাস্তবে এমন কিছুই ঘটেনি।
“অধিনায়ক হিসেব আমি কখনও ইতালি জাতীয় দলের কাছে ১ ইউরোও চাইনি। জাতীয় দল যা করে সেটা হলো, প্রতিটি প্রতিযোগিতায় বাছাই পার হওয়া খেলোয়াড়দের একটি উপহার দেয়।”
“এই ব্যাপারে এমনই হয়, তবে কেউ ফেডারেশনের কাছে কিছু চায়নি। আমাদের পুরস্কার হতো, বিশ্বকাপে যাওয়া।”
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে ইতালি জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান গাব্রিয়েলে গ্রাভিনা। সরে দাঁড়িয়েছেন প্রধান কোচ জেন্নারো গাত্তুসোও।
এখন নতুন করে শুরু করতে চান ২৭ বছর বয়সী দোন্নারুম্মা।
“আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পরবর্তী বিশ্বকাপের আগে এখনও চার বছর বাকি। এই সময়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগের মতো বড় টুর্নামেন্ট আছে।”
“বিশ্বকাপ নিয়ে ভাবার আগে আমাদের মাঝের এই সব বড় টুর্নামেন্টে মনোযোগ দেওয়া উচিত এবং আমাদের ফের দৃঢ়ভাবে শুরু করতে হবে।”
