রেয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত কেইন
আন্তর্জাতিক বিরতির সময় পাওয়া চোটে আপাতত মাঠের বাইরে আছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।
গোলের জন্য বায়ার্ন মিউনিখের সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইনকে নিয়ে জেগেছে শঙ্কা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে নিশ্চিত নন কোচ ভেঁসো কম্পানি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রেয়ালের মাঠে খেলবে বায়ার্ন। অ্যাঙ্কেলের চোটে এই ম্যাচে ইংলিশ অধিনায়ক খেলতে পারবেন কিনা, সন্দিহান কম্পানি।
উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের ১-১ ড্র ম্যাচে বিশ্রামে ছিলেন ৩২ বছর বয়সী কেইন। পরে অনুশীলনে চোট পাওয়ায় জাপানের বিপক্ষে ১-০ গোলে যাওয়া ম্যাচেও খেলেননি তিনি।
বুন্ডেসলিগায় শনিবার ফ্রেইবুর্কের বিপক্ষে খেলবে বায়ার্ন। এই ম্যাচে খেলবেন না কেইন। তবে তাকে নিয়েই মাদ্রিদে যাওয়ার আশায় আছেন কোচ কম্পানি।
“গত রোববার পর্যন্ত হ্যারি ভালোভাবে অনুশীলন করছে। এরপর জাতীয় দলে থাকার সময় সে অ্যাঙ্কলে সমস্যা অনুভব করে। আগামীকালকের ম্যাচে এর একটা প্রভাব থাকতে পারে। তাকে পাওয়া যাবে না।”
“তবে আমি মঙ্গলবারের ব্যাপারে ইতিবাচক। আমি চাই, সে ফ্রেইবুর্কের বিপক্ষে খেলুক, তবে আজ পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এটা সম্ভব হবে না।”
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কেইন। বুন্ডেসলিগায় এক মৌসুমে রবের্ত লেভানদোভস্কির সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েছেন। তবে এই চোটে কাজটা তার জন্য কঠিন হয়ে গেল।
