১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারাগুয়ে খেলবে ফ্রান্সের ‘আফ্রিকান স্কোয়াডের’ বিপক্ষে, খোঁচা চিলাভার্টের

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ক্রিস্তফ দুগাহির মন্তব‍্যের জবাব দিয়েছেন প্যারাগুয়ের সাবেক গোলকিপার হোসে লুইস চিলাভার্ট।

প্যারাগুয়ে খেলবে ফ্রান্সের ‘আফ্রিকান স্কোয়াডের’ বিপক্ষে, খোঁচা চিলাভার্টের
প‍্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে ফ্রান্স দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 05:48 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যেকার ফিলাডেলফিয়ার ম্যাচ নিয়ে দুই দলের সাবেকদের কথার লড়াই চলছে। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ক্রিস্তফ দুগাহির এক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন প্যারাগুয়ের সাবেক গোলকিপার হোসে লুইস চিলাভার্ট। বর্তমান ফ্রান্স দলটিকে তিনি খোঁচা দিয়েছেন ‘আফ্রিকান স্কোয়াড’ বলে ।

চিলাভার্টের এই খোঁচা দেওয়ার অবশ্য যুক্তিও আছে। বর্তমান ফ্রান্স দলে যে ‘ফরাসি’ কেবল দুজন আদ্রিওঁ রাবিওঁ এবং হবাঁ হিসাহ। এর বাইরে সবাই আফ্রিকান বংশোদ্ভূত।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোয়, বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ সামনে রেখে সাবেক ফরোয়ার্ড দুগাহি মন্তব‍্য করেন- এই ম্যাচে প্যারাগুয়েকে পিষে দেবে ফ্রান্স।

চিলাভার্টও পাল্টা দিতে দেরি করেননি। ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেছেন, “ক্রিস্তফ, তুমিই ঠিক। ১৯৯৮ বিশ্বকাপে আমরা ফ্রান্সের মুখোমুখি হয়েছিলাম এবং এবার প্যারাগুয়ে মুখোমুখি হবে আফ্রিকা থেকে আসা একটা স্কোয়াডের।”

১৯৯৮ সালে ফ্রান্স নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পথে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের। লরাঁ ব্লাঁর একমাত্র গোলে ম্যাচটি জিতেছিল ফরাসিরা। ওই ম্যাচে প্যারাগুয়ের পোস্টে ছিলেন চিলাভার্ট। ফ্রান্স দলে ছিলেন দুগাহি।

দুই সাবেকের কথার লড়াই নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স কিন্তু তাৎক্ষণিক সাড়া মেলেনি।