১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গালাতাসারাইয়ের মাঠে লিভারপুলের হার

অনেক সুযোগ হাতছাড়া করে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে হেরেছে আর্না স্লটের দল।

গালাতাসারাইয়ের মাঠে লিভারপুলের হার
ম্যাচের শুরুতেই লিভারপুলের জালে বল পাঠিয়ে গালাতাসারাইয়ের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 04:09 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

বেশ ভালো শুরু করলেও সুযোগ কাজে লাগাতে পারল না লিভারপুল। অন্যদিকে নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে গেল গালাতাসারাই। সেই গোল ধরে রেখে ঘরের মাঠে চমৎকার জয় পেল তুরস্কের ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরেছে লিভারপুল। মঙ্গলবার রাতের ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন মারিও লেমিনা।

লিভারপুলের ডাগআউটে এটা ছিল আর্না স্লটের শততম ম্যাচ, উত্থান-পতনের মৌসুমে উপলক্ষটা সুখকর হলো না তার।

৫৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় লিভারপুল। এর ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৫ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে গালাতাসারাই।

প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করে লিভারপুল। দ্বিতীয় মিনিটে প্রথম ভালো সুযোগ পায় তারা। একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। পরের মিনিটে দমিনিক সোবোসলাইয়ের শট প্রতিহত হয়। 

শুরুর সুযোগ কাজে লাগাতে না পারা লিভারপুল পিছিয়ে পড়ে সপ্তম মিনিটে। কর্নার থেকে ভিক্তর ওসিমেনের হেডে বল পান লেমিনা। তার হেড খুঁজে নেয় জাল। 

পাঁচ মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ওসিমেন। 

ষোড়শ মিনিটে খুব ভালো জায়গা থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে হতাশ করেন ভিয়েৎস। তার শটে খুব একটা জোরও ছিল না। দুই মিনিট পর লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতের শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।

২৪তম মিনিটে দাভিনসন সানচেসের হেড চমৎকার রিফ্লেক্সে ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি লিভারপুল গোলরক্ষক। 

৪১তম মিনিটে ভিয়েৎসের হেড ঠেকান স্বাগতিক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও ইতিবাচক শুরু করে লিভারপুল। সুযোগও আসে ইংলিশ চ্যাম্পিয়নদের সামনে। ৪৬তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন সোবোসলাই, ১১ মিনিট পর তার প্রচেষ্টা যায় বার ঘেঁষে।

জেমি ক্যারাঘারকে পেছনে ফেলা ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮১ ম্যাচের রেকর্ড গড়ার দিনে তেমন কিছু করতে পারেননি মোহামেদ সালাহ। ৬০তম মিনিটে তাকে তুলে নেন লিভারপুল কোচ। 

তিন মিনিট পর লিভারপুলের জালে বল পাঠান ওসিমেন। তবে অফসাইডের জন্য মেলেনি গোল।   

৬৬তম মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি উগো একিটিকে। খুব কাছ থেকে তার শট কোনোমতে হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন গালাতাসারাই গোলরক্ষক।

চার মিনিট পর সোবোসলাইয়ের কর্নারে বল জটলার মধ্যে কোনাতের হাতে লেগে জালে জড়ায়। দীর্ঘ সময় অপেক্ষার পর হ্যান্ডবলের ইশারা দেন রেফারি। 

৮৯তম মিনিটে আরেকটি ভালো সুযোগ হাতছাড়া করেন একিটিকে। বেশ ভালো অবস্থানে থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। 

যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন কোডি হাকপো। তার গতিময় শট বেরিয়ে যায় পোস্ট ছুঁয়ে।

আগামী বুধবার ফিরতি লেগ হবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে।

ইয়ামালের পেনাল্টি গোলে হার এড়াল বার্সেলোনা

বায়ার্ন মিউনিখের গোলবন্যায় ভেসে গেল আতালান্তা