১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মৌসুম শেষ গ্রিলিশের

ধারে এভারটনে খেলতে গিয়ে দুর্দান্ত ফর্মে থাকা উইঙ্গার ছিটকে গেলেন লম্বা সময়ের জন্য।

মৌসুম শেষ গ্রিলিশের
এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না গ্রিলিশ। ছবি: গ্রিলিশের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 12:45 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে খেলতে গিয়ে ক্যারিয়ারের সেরা সময়কে যেন ফিরিয়ে এনেছিলেন জ্যাক গ্রিলিশ। কিন্তু এই সুসময়েই হানা দিল পুরোনো আততায়ী। চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন এই উইঙ্গার।

গত ১৮ জানুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের ম্যাচে চোট পান গ্রিলিশ। কদিন পর কোচ ডেভিড ময়েস শঙ্কা প্রকাশ করে জানান, অস্ত্রোপচার লাগতে পারে তার দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারের। সেই শঙ্কাই সত্যি হলো।

অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ৩০ বছর বয়সী ফুটবলার। সেখানেই জানান, এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না।

“চাইনি মৌসুমটা এভাবে শেষ হোক, তবে এটাই ফুটবার। হতাশ। অস্ত্রোপচার হয়ে গেছে এবং পুরো মনোযোগ এখন ফিট হয়ে ওঠায়। আমি নিশ্চিত যে আমি আগের চেয়ে আরও ফিট, শক্তিশালী এবং ভালোভাবে ফিরে আসব।”

“এই অবিশ্বাস্য ক্লাবে আসার পর থেকে আমি যে সমর্থন পেয়েছি, তাতে গোটা দুনিয়া পেয়ে গেছি। এখানকার স্টাফরা, আমার সতীর্থরা এবং বিশেষ করে ভক্তরা অবিশ্বাস্য এবং এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে সত্যিই ভালোবাসি। ছেলেদেরকে সর্বাত্মক সমর্থন করে যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবটুকু ভালোবাসার জন্য আবারও ধন্যবাদ, এসবের অর্থ আমার কাছে অনেক।”

ইংল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপে খেলার যে সামান্য সম্ভাবনা তিনি জাগিয়েছিলেন এভারটনের হয়ে পারফরম্যান্সে, সেটিও শেষ হয়ে গেল এই অস্ত্রোপচারে। 

২০২১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর তিনটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপসহ সাতটি ট্রফিজয়ী ফুটবলার দেশের জার্সিতে সবশেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে।