Published : 21 Jun 2026, 07:44 PM
মাঠের লড়াইয়ে নামার আগে থেকে প্রতিপক্ষের প্রশংসা করা এহভে হোনাহ ম্যাচ শেষেও স্তুতিতে ভাসালেন জাপানকে। এশিয়ার দলটির বিপক্ষে বিধ্বস্ত হয়ে তিউনিসিয়া কোচ মনে করিয়ে দিলেন দুই দলের পার্থক্যের কথা।
‘এফ’ গ্রুপের ম্যাচে রোববার সকালে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জাপান। টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় হোনাহর দলের।
সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে হারের পর সাবরি লামৌচিকে বিদায় করে হোনাহকে কোচের দায়িত্ব দেয় তিউনিসিয়া। গত বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন তিনি। তার কোচিংয়েই আর্জেন্টিনাকে হারানোর চমক দেখিয়েছিল সৌদি।
কিন্তু বিশ্বকাপের মাঝে তিউনিসিয়ার দায়িত্ব নিয়ে দলটিকে কক্ষপথে ফেরাতে পারেননি হোনাহ। আরেকটি বড় পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছে আফ্রিকার দলটিকে।
ম্যাচের আগে থেকেই জাপানের প্রশংসা করে আসছিলেন হোনাহ। বলেছিলেন, তার চোখে এশিয়ার সেরা দল জাপান। তবে তিউনিসিয়ার পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও ছিল না, এটা মানতে কষ্ট হচ্ছে তার।
“এমন পারফরম্যান্স আমরা আশা করিনি… এই দ্বিতীয় ম্যাচের ব্যবধানটা অনেক বড়, তবে আজ রাতে দুই দলের পার্থক্যটা ফুটে উঠেছে।”
তিউনিসিয়ার এখন আর হারানোর কিছু নেই। তাই চাপমুক্ত থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। তবে এই ম্যাচকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না হোনাহ।
“টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আমাদের এখনো তৃতীয় ম্যাচ খেলা বাকি আছে। আমরা বিশ্বকাপে খেলছি এবং আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করা এখন জরুরি।”
“টানা দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো কখনোই সহজ নয়, তবে শেষ মুহূর্ত পর্যন্ত পেশাদারিত্ব বজায় রাখার জন্য আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।”