২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জমি পেল বাফুফে

কক্সবাজারের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জমির দলিল বাফুফে সভাপতির কাছে হস্তান্তর করেছেন।

কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জমি পেল বাফুফে
কক্সবাজারের রামুতে টেকনিক্যাল সেন্টারের জমি ঘুরে দেখছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 06:23 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

নানা জটিলতায় প্রায় চার বছর ধরে ঝুলে থাকার পর কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার করার জন্য জমি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার আনুষ্ঠানিকভাবে জমির দলিল পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

বাফুফে সোমবার এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের রামুতে ১৫ দশমিক ২০ একর জমি বুঝে পাওয়ার বিষয়টি জানিয়েছে। 

প্রায় চার বছর আগে, কাজী সালাউদ্দিন সভাপতি থাকার সময় এই প্রকল্প আসে বাফুফের কাছে। সেসময় সরকারের কাছ থেকে ২০ একর জমি বরাদ্দ পায় বাফুফে। কিন্তু রামুর খুনিয়াপালংয়ের সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখানে টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি জানালে ঝুলে যায় বিষয়টি।

পরে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই বরাদ্দ বাতিল করে অন্যত্র জমি খুঁজতে বলে। তাতে টেকনিক্যাল সেন্টারের ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তার মুখে।

সেই জটিলতার অবসান হয়েছে এবার। ফিফার শর্ত পূরণ করে ৩০ বছরের জন্য স্থায়ীভাবে জমির লিজ পেয়েছে বাফুফে। সোমবার কক্সবাজারে স্থানীয় জেলা প্রশাসক এম এ মান্নান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জমি হস্তান্তর নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

আগের পরিকল্পনা অনুযায়ী এই টেকনিক্যাল সেন্টারে তিনটি ফুটবল মাঠ, খেলোয়াড়–কোচদের জন্য দুটি চারতলা ডরমিটরি, জিমনেসিয়াম, সুইমিংপুল, চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা, ক্যানটিন এবং কনফারেন্স কক্ষসহ প্রয়োজনীয় সুযোগ–সুবিধা থাকার কথা রয়েছে।