Published : 07 Aug 2025, 09:56 PM
বার্সেলোনা ও মার্ক-আন্ড্রে টের স্টেগেনের মধ্যে দ্বন্দ্বের খবর সংবাদমাধ্যমে আসছিল কদিন ধরেই। এবার বার্সেলোনার বিবৃতিতেও পরিষ্কার হলো বিষয়টি। জার্মান এই গোলরক্ষককে অধিনায়কত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দিল কাতালান ক্লাবটি।
হাঁটুর চোটে গত মৌসুমে লম্বা সময় বাইরে থাকা টের স্টেগেনের পিঠে অস্ত্রোপচার হয় গত মাসের শেষ দিকে। তখন জানানো হয়, তিন মাস বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী ফুটবলারকে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবের সঙ্গে তার বিরোধের কারণ হলো, নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে রাজি নন তিনি। বার্সেলোনা চাইছিল, তার দীর্ঘ মেয়াদে বাইরে থাকার ভিত্তিতে লা লিগার নিয়ম ব্যবহার করে যেন নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারে তারা।
লা লিগার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে দীর্ঘমেয়াদী অনুপস্থিতি হিসেবে বিবেচনা করার জন্য অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। বার্সেলোনার হয়ে চারশর বেশি ম্যাচ খেলা টের স্টেগেন সম্প্রতি সামাজিক মাধ্যমে লেখেন, তাকে তো মাঠের বাইরে থাকতে হবে কেবল তিন মাস।
বিষয়টি যে বার্সেলোনার ভালো লাগেনি, সেটি বোঝা গেল বৃহস্পতিবার। এদিন বিবৃতি দিয়ে টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় তারা।
“খেলোয়াড় মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত, ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সম্মতিতে দলের প্রথম অধিনায়ক হিসেবে তার দায়িত্ব সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই সময়টায় বর্তমান সহ-অধিনায়ক রোনাল্দ আরাউহো প্রথম অধিনায়কের দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানায় বার্সেলোনা।
গত মাসে এস্পানিওল থেকে ২৪ বছর বয়সী গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে টানে বার্সেলোনা। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে নিয়ে আসা হয় ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে। তাদের এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি।
গত মৌসুমে দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিয়েও একই সমস্যায় পড়েছিল ক্লাবটি।