০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বোয়াটেংয়ের ডাবল হ্যাটট্রিক

ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে পয়েন্ট টেবিলে আবাহনীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে তাজউদ্দিনের আড়াআড়ি ক্রসে টোকায় লক্ষ্যভেদ করলেন স্যামুয়েল বোয়াটেং। ম্যাচের তখন সময় ২৩তম মিনিট। এরপর একে একে আরও পাঁচবার ঢাকা ওয়ান্ডারার্সের জালে গোল করার আনন্দে ডানা মেললেন ঘানার এই ফরোয়ার্ড। তার ডাবল হ্যাটট্রিকে সওয়ার হয়ে বড় জয়ের আনন্দে ভাসল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিও।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে উড়িয়ে দেয় রহমতগঞ্জ। ওয়ান্ডারার্সের ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন সাইফ সামসুদ।

দুই অর্ধে একইভাবে গোল উৎসব সেরেছেন বোয়াটেং। ২৩তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর, ৩৭তম মিনিটে ফেলিক্স টিটের আড়াআড়ি ক্রস ধরে গোলমুখে অরক্ষিত থাকা বোয়াটেং অনায়াসে করেন দ্বিতীয় গোলটি। ৪৪তম মিনিটে তিনি হ্যাটট্রিক পূরণ করেন হেডে বল কিছুটা এগিয়ে নিয়ে নিখুঁত শটে জালে জড়িয়ে।

দ্বিতীয়ার্ধে ওয়ান্ডারার্স এক গোল শোধ করার পর ৬৪তম মিনিটে ব্যবধান বাড়ান বোয়াটেং। গতি দিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে কোনাকুনি শটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

এরপর ৬৬ ও ৭০তম মিনিটের গোলে বোয়াটেং আরও দুইবার পান জালের দেখা। দারুণ ফ্লিকে পঞ্চম ও ষষ্ঠ গোলটি তিনি করেন দূরের পোস্ট থেকে নিখুঁত প্লেসিং শটে।  

এক লাফে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বোয়াটেং (১০টি)। ব্রাদার্স ইউনিয়নের চেক সিনে ৬ গোল নিয়ে নেমে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে।

এই জয়ে আবাহনীকে তৃতীয় স্থানে নামিয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পুরান ঢাকার দলটি।