১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নতুন শুরুর’ জন্য প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড

ব‍্যর্থতার বলয় ভেঙে ঘুরে দাঁড়িয়ে সাফল্যের স্বাদ পেতে মুখিয়ে দলটির সবাই, বলেছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

‘নতুন শুরুর’ জন্য প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

সবশেষ মৌসুমের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। অনুশীলনে ঘাম ঝরিয়ে আসছে মৌসুমের জন্য নিজেদের তৈরি করছেন দলটির ফুটবলাররা। ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের মনে করছেন, নতুন শুরুর জন্য প্রস্তুত তারা।

২০২৪-২৫ মৌসুমটা যাচ্ছেতাই কাটে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা ব্যর্থতায় ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫তম হয়ে মৌসুম শেষ করে তারা। প্রিমিয়ার লিগ যুগে এটাই তাদের সবচেয়ে বাজে ফল।

লিগ কাপের কোয়ার্টার-ফাইনাল ও এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। তবে চমক দেখায় তারা ইউরোপা লিগে। দারুণ সব পারফরম্যান্সে ফাইনালে উঠে যায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। কিন্তু ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্ন তো ভাঙেই, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে উঠতেও ব্যর্থ হয় তারা।

নতুন মৌসুমে কক্ষপথে ফেরার লক্ষ্যে প্রস্তুতিপর্বে আশানুরূপ পারফরম্যান্স করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সঙ্গে গ্রীষ্মের দলবদলে আক্রমনভাগে শক্তি বাড়িয়েছে তারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া, ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমো ও স্লোভেনিয়ার স্ট্রাইকার বেনিয়ামিন সেসকোকে দলে টেনেছে তারা। 

আগামী রোববার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড। সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক পডকাস্টে দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ম্যাগুইয়ার।

“ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং এখানকার আবহ দুর্দান্ত। আমরা সফল হতে চাই এবং সাফল্য পেতে সাধ্যের সব কিছু করছি। মাঝেমধ্যে আমাদেরও মনে হয়, সাম্প্রতিক সময়ে ভালো করতে পারিনি এবং সমর্থকদের তেমন কিছু উপহার দিতে পারিনি।”

“আমার মনে হয়, এটা অনেকটা নতুন করে শুরুর মতো এবং আশাকরি এবারের শুরুটা ভালো শুরু হবে।”

৬ বছর আগে লেস্টার সিটি থেকে ৮ কোটি পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ম্যাগুইয়ার। সে সময় এটি ছিল কোনো ডিফেন্ডারের ট্রান্সফার ফির রেকর্ড। এই ফুটবলারকেই এরিক টেন হাগের সময়ে বাদ পড়তে হয় দল থেকে, হারাতে হয় নেতৃত্ব। তবে নতুন কোচ হুবেন আমুরির আস্থা অর্জন করে ফের দলে নিজের জায়গা পোক্ত করেছেন ৩২ বছর বয়সী ম্যাগুইয়ার। 

দীর্ঘ সময় ধরে পালাবদলের মধ্যে থাকা ইউনাইটেড এবারও মৌসুম শুরু করতে যাচ্ছে অনেকটা নতুন চেহারার দল নিয়ে। অনেক বদল আনা হলেও নিজেদেরকে সেরা দল মনে করেন না ম্যাগুইয়ার।

“পালাবদলের মধ্যে ছিলাম আমরা, অবশ্যই যখন স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্বে ছিলেন, আমাদের পাওয়া সবচেয়ে সেরা দল ছিল সেটা এবং আমরা সব শিরোপা জিতেছিলাম।”

“কিন্তু বাস্তবতা হচ্ছে যে, আমরা সেরা দল নই। চাপ সরিয়ে আমাদের সাফল্য পেতে হবে এবং এমনভাবে খেলতে হবে যেন নিজেদের আঙিনায় খেলছি। আমার মনে গত ১০ বছর ধরে এটা খুঁজে পেতে আমরা লড়াই করছি।”