১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টার-ফাইনালে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন জুটি

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ প্রতিযোগিতায় এই দুই জুটির হাত ধরেই আশা বেঁচে আছে।

কোয়ার্টার-ফাইনালে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন জুটি
আল আমিন জুমার (বাঁয়ে) ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

হতাশার সময় পেরিয়ে অবশেষ একটু স্বস্তির খবর দিতে পারলেন বাংলাদেশের শাটলাররা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ প্রতিযোগিতায় জুমার-অহিদুল ও মাসুদ-রবিন জুটি পুরুষ দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার পুরুষ দ্বৈতের প্রি কোয়ার্টার-ফাইনালে আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি ভারতের ডেভার্ট মান-সৌরভ নাইন জুটির বিপক্ষে ২-১ সেটে জিতেছেন।

জমজমাট লড়াইয়ে ২ পয়েন্টের ব্যবধানে প্রথম সেট (২১-১৯) জয়ের পর, দ্বিতীয় সেট ৪ পয়েন্টে (২১-১৭) হেরে বসেন জুমার-অহিদুল জুটি। তৃতীয় সেটের মাঝামাঝি অহিদুল চোটে পড়লে শঙ্কা জাগে। তবে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। শঙ্কার মেঘ সরিয়ে ২১-১৪ পয়েন্টে তৃতীয় সেট জিতে সেরা আটে জায়গা করে নেয় তারা।

অন্য প্রি কোয়ার্টার-ফাইনালে মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তান। প্রথম সেট ২১-১৪ পয়েন্টে হারের পর, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের জুটি পরের দুই সেট জেতেন ২১-১৪ ও ২১-১৭ ব্যবধানে।

মাসুদ আহমেদ (বাঁয়ে) ও সাদাকাত রবিন। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন 

মাসুদ আহমেদ (বাঁয়ে) ও সাদাকাত রবিন

শুক্রবার বাংলাদেশের দুই জুটি সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন।

এদিকে পুরুষ দ্বৈতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি ২১-১৭ ও ২১-১৭ পয়েন্টে, রাহাতুন নাঈম-মিজানুর রহমান ২৬-২৪, ১৫-২১ ও ২১-১৭ পয়েন্টে এবং নারী দ্বৈতে ডালিয়া-মাথিনা জুটি ২১-১১ ও ২১-১৩ পয়েন্টে, রেশমা-বৃষ্টি জুটি ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে হেরে ছিটকে গেছেন প্রতিযোগিতা থেকে।

পুরুষ ও নারী একক থেকে বাংলাদেশের সবাই ছিটকে গেছেন আগেভাগে। মিশ্র দ্বৈতেও অভিজ্ঞতা সুখের হয়নি বাংলাদেশের। সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটি ভারতের মাইকেল-ফারজা নাজরিন জুটির কাছে ২১-১৩, ২১-২৩ ও ২১-১৭ পয়েন্টে হেরেছেন।