১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সবচেয়ে কঠিন ধাপ’ পেরিয়ে আবার স্বপ্নের ট্রফিতে চুমু আঁকতে চান এনরিকে

পিএসজি কোচের মতে, এখন তার খেলোয়াড়রা আবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে।

‘সবচেয়ে কঠিন ধাপ’ পেরিয়ে আবার স্বপ্নের ট্রফিতে চুমু আঁকতে চান এনরিকে
গত মৌসুমে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 11:04 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

দীর্ঘদিনের অধরা স্বপ্ন গত মৌসুমে পূরণ হয়েছে পিএসজির। প্রথমবারের মতো তারা ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তাতে যেন অনেক দিনের অচেনা এক পথ চেনা হয়ে গেছে তাদের। সবচেয়ে কঠিন ধাপটি পেরিয়ে এখন টানা দ্বিতীয়বার শিরোপাটি জয়ে লক্ষ্যস্থির করেছেন দলটির কোচ লুইস এনরিকে।

তার মতে, আগে কখনও ইউরোপ চ্যাম্পিয়ন হয়নি এমন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ওই আত্মবিশ্বাসই থাকে না, সেকারণেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা সবচেয়ে কঠিন হয়। 

গত এক দশকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেষ্টার কমতি রাখেনি পিএসজি। শক্তিশালী দল গোছাতে কাড়িকাড়ি অর্থ খরচ করেছে। একটা সময় লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকাকে একসঙ্গে খেলিয়েছে তারা; কিন্তু লাভ হয়নি।

এনরিকের কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে স্বপ্নের সেই ঠিকানায় পৌঁছাতে পারে পিএসজি। মেসি, নেইমার ও এমবাপে চলে যাওয়ার পর, কোনো এক বা একাধিক বড় তারকাকে ঘিরে পরিকল্পনা না সাজিয়ে, দলগত ফুটবলে কাঙ্ক্ষিত সাফল্য পায় তারা।

ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনির্বচনীয় স্বাদ পায় পিএসজি। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সুদীর্ঘ ইতিহাসে ফাইনালে গড়ে সবচেয়ে বড় জয়ের কীর্তি।

ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পিএসজি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, এখন তারা আরও বেশি আত্মবিশ্বাসী।

“প্রথমবার শিরোপা জেতা সবসময় কঠিন, কারণ খেলোয়াড় ও সমর্থকদের ওই বিশ্বাসই থাকে না যে তারা এটা (চ্যাম্পিয়ন্স লিগ) জিততে সক্ষম। তবে আমরা তাদের সেই পথ দেখিয়েছি। এখন, পিএসজির সবাই ও তরুণ খেলোয়াড়রাও জিততে চায়, কারণ তারা জানে যে, তারা এটা জিততে পারে। আমার কাছে, দ্বিতীয় বা তৃতীয়বার শিরোপা জেতার চেয়ে প্রথমবার জেতা বেশি কঠিন।”

“ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের লক্ষ্য হলো ক্লাব, শহর ও ভক্তদের একসঙ্গে নিয়ে আরেকবার ইতিহাস গড়া, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমাদের উচ্চাকাঙ্ক্ষী হতে হবে।”

এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পিএসজির অন্য সাত প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), বায়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটেনহ্যাম হটস্পার (হোম), স্পোর্তিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম) ও আথলেতিক বিলবাও (অ্যাওয়ে)।