১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুলের জন্য মরতেও প্রস্তুত কোনাতে

চোট নিয়েই খেলে চলেছেন লিভারপুলের এই ডিফেন্ডার, কিন্তু কোনো অভিযোগ তার নেই, ক্লাবের জন্য করতে পারেন সবকিছুই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 04:22 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

চোট তার অস্তিত্ব জানান দেয় ভালোভাবেই। ব্যথাও মাথাচাড়া দেয় প্রায়ই। তবে সেসবকে পাত্তাই দেন না ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের জন্য সবকিছু করতে পারেন তিনি, এমনকি জীবন দিতেও রাজি। এটা তো সামান্য হাঁটুর চোট!

গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ওই চোট পেয়েছিলেন কোনাতে। মাঠের বাইরে থাকতে হয় তাকে বেশ কিছুদিন। নতুন বছরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচটি দিয়ে তিনি মাঠে ফেরেন আবার।

সংবাদ সম্মেলন সোমবার এই ডিফেন্ডার জানালেন, এখনও তিনি শতভাগ ফিট নন। তবে তাতে কোনো সমস্যাও নেই তার। 

“শতভাগ ফিট হয়েই ফিরতে চেয়েছিলাম আমি। তবে এখনও পুরো ফিট নই, হাঁটু নিয়ে একটু তাড়াহুড়ো করেই ফিরেছি। এটা করেছি আমার দলের জন্য। এই দলের জন্য মরতেও পারি, কোনো সমস্যা নেই।”

“শিগগিরই আমার হাঁটু শতভাগ ঠিক হয়ে যাবে। আমার কোনো আপত্তি নেই। ব্যথা আছে এখনও। তবে ব্যথানাশক নিয়ে খেলছি এবং সেটাই আমার খেলার জন্য যথেষ্ট।”

পুরোপুরি সুস্থ না হয়েও মাঠে ফেরার পেছনের গল্প তুলে ধরলেন ২৫ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার।

“মাঠে ফেরার কাছাকাছিই ছিলাম। ওই সপ্তাহে অনুশীলনে ফেরার পরিকল্পনা ছিল। তবে যখন দেখলাম জো (গোমেস) চোটে পড়ল, আমার মনে হলো, ‘আমাকে দ্রুত ফিরতে হবে।’ প্রথম ম্যাচে হাঁটুতে কিছুটা সমস্যা অনুভব করেছি বটে, তবে দিন দিন উন্নতি হচ্ছে। ফিজিও ও মেডিকেল স্টাফরা আমার জন্য দারুণ কাজ করেছেন।”

লিভারপুলের প্রতি তার এত তীব্র আবেগ ও ভালোবাসা জন্ম নিয়েছে সময়ের সঙ্গে। এই ক্লাবের প্রতি ঋণের কথা তিনি বললেন অকপটেই। 

“এই ক্লাবে এসেছি যখন আমার বয়স ছিল ২১। সত্যিই তরুণ ছিলাম। একজন মানুষ ও ফুটবলার হিসেবে প্রতিটি পরিস্থিতিতে বেড়ে উঠেছি এখানে। এই ক্লাব আমাকে সহায়তা করেছে ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হতে (গত নভেম্বরে ইতালির বিপক্ষে)। আমার জন্য দারুণ এক মুহূর্ত ছিল সেটি। তবে এই পথে ছুটতে হলে পরিশ্রম করে যেতে হবে আমাকে।”

সেই পরিশ্রম তিনি করছেন বটে। পারফরম্যান্সেই পড়ছে সেটির প্রতিফলন। চলতি মৌসুমে লিভারপুল যে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে এখন, সেখানে বড় ভূমিকা তার ও ভার্জিল ফন ডাইকের রক্ষণ জুটির। 

তারা দুজন এই মুহূর্তে ইউরোপের সেরা সেন্টার-ব্যাক জুটি কি না, এই প্রশ্নে কোনাতে শোনালেন তার একটি স্বপ্নের কথা।

“এই মৌসুমে, ‘হ্যাঁ’ (তারাই সেরা জুটি)…। সবাই ভার্জিলকে চেনেন, তার মান সম্পর্কে জানেন। আমার মেতে, সে-ই সেরা। এই পজিশনে তার চেয়ে ভালো কেউ নেই। তাকে কখনও এটা বলিনি আমি, তবে একদিন তার চেয়েও ভালো হয়ে উঠতে চাই। ওই পর্যায়ে যেতে কঠোর পরিশ্রম করে যেতে চাই।”

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার লিলের বিপক্ষে লড়বে লিভারপুল।