চোটে ছিটকে গেলেন স্কট
ঊরুর পেশির চোটে ছয় থেকে আট সপ্তাহ বাইরে থাকতে হবে বোর্নমাউথের এই ইংলিশ মিডফিল্ডারের।
ইংল্যান্ড দলে জায়গা পাকা করার লড়াইয়ে বড় এক ধাক্কা খেলেন অ্যালেক্স স্কট। চোটের জন্য জাতীয় দল থেকে ছিটকে গেলেন বোর্নমাউথের এই মিডফিল্ডার।
ঊরুর পেশির চোট থেকে স্কটের সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে প্রথমবার শুরুর একাদশে জায়গা পান স্কট। ৭০ মিনিট মাঠে ছিলেন তিনি। এই সময়ে উপহার দেন নজরকাড়া ফুটবল। পরে তার জায়গায় খেলেন এলিয়ট অ্যান্ডারসন।
বাংলাদেশ সময় বুধবার পৌনে একটায় (এএম) ওয়েম্বলিতে চেকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। নেশন্স লিগের ওই ম্যাচ থেকে ছিটকে গেছেন এজরি কন্সাও। চোটের চিকিৎসার জন্য আর্সেনালে ফিরে গেছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
আগামী ১০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে ৯টি ম্যাচ খেলবে বোর্নমাউথ। টানা চার সপ্তাহে তাদের বুধবার কিংবা বৃহস্পতিবার ম্যাচ খেলতে হবে। এর তিনটি ইউরোপা লিগে, অন্যটি লিগ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
ক্রোয়েশিয়া ম্যাচের পর স্কটের উচ্ছ্বসিত প্রসংশা করেন টুখেল।
“সে খুব আত্মবিশ্বাস নিয়ে খেলে। মাঠে সে খুবই তৎপর ও আত্মবিশ্বাসী। বল ছাড়াও কঠোর পরিশ্রম করে। সে পরিপূর্ণ এক প্যাকেজ। মাঝমাঠে কঠোর পরিশ্রম করে সে আমাদের দলে অনেক গতি ও বৈচিত্র্য যোগ করেছে।”
গত মঙ্গলবার প্রাগে চেকিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে অভিষেক হয় স্কটের। চারদিন পর প্রথমবার সুযোগ পান শুরুর একাদশে।
বোর্নমাউথ এখন প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে আছে। পাঁচ ম্যাচ খেলেও আসরে তারা জয়হীন। এই সময়ে ড্র করেছে তিন ম্যাচে, হেরেছে দুটিতে।
