১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝুলে থাকল আবাহনী ও কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা

এই দুই দলের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াই গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 08:05 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্ন অনেক আগে গুঁড়িয়ে গেলেও দারুণ প্রাপ্তির হাতছানি আছে বসুন্ধরা কিংস ও আবাহনীর সামনে। অনেক কিন্তু-যদির হিসাব যদিও আছে, তবে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করতে হবে তাদের।

সপ্তদশ রাউন্ডে দুই দল নিজেদের ম্যাচে ড্র করায় সে সমীকরণ মেলার অপেক্ষা গড়িয়েছে শেষ রাউন্ডে।

নিয়ম অনুযায়ী এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় লিগ চ্যাম্পিয়নরা। মোহামেডান লিগ জিতলেও এএফসির ক্লাব লাইসেন্স করতে পারেনি এখনও। লাইসেন্সের জন্য আবেদন করে রেখেছে সাদাকালো জার্সিধারীরা। কিন্তু শেষ পর্যন্ত লাইসেন্স তারা না পেলে লিগে দ্বিতীয় হওয়া দল পাবে চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ। 

আবাহনী ও বসুন্ধরা কিংস দুই দলেরই আছে এই লাইসেন্স। লিগ টেবিলে তাদের দ্বিতীয় হওয়ার লড়াইটা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে। যদিও দুই দলের কেউই সপ্তদশ রাউন্ডে পারেনি লক্ষ্যপূরণের পথে এগিয়ে যেতে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সাথে ১-১ ড্র করে আবাহনী। এমেকা ওহবাহের ৬৪তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৭৪তম মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান স্যামুয়েল বোয়াটেং।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সাথে ১-১ ড্র করেছে কিংস। 

৬৭তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিল ফর্টিস। ৮০তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে কিংসকে সমতায় ফেরান শেখ মোরসালিন। পরে আর জয়সূচক গোলের দেখা পায়নি ভ্যালেরি তিতের দল।

সপ্তদশ রাউন্ড শেষে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিংস। দুই দলেরই বাকি রয়েছে এক করে ম্যাচ। শেষ রাউন্ডে ড্র করলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত হবে আবাহনীর, সেক্ষেত্রে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও টিকে থাকবে তাদের।