শেষ ষোলোয় বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কারা
স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই দ্বিতীয় স্তরের দলের মুখোমুখি হবে।
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। শেষ ষোলোয় শিরোপাধারী বার্সেলোনা খেলবে রেসিং সান্তান্দেরের বিপক্ষে, আলবাসেতের মুখোমুখি হবে রেয়াল।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় বুধবার।
দ্বিতীয় স্তরের আরেক দল দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ।
শেষ বত্রিশে চতুর্থ স্তরের দল গুয়াদালাহারাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় বার্সেলোনা। একই স্তরের আরেক দল সিএফ তালাভেরার বিপক্ষে ৩-২ গোলে জেতে রেয়াল।
বার্সেলোনা যেমন বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, তেমনি তাদের শেষ ষোলোর প্রতিপক্ষ রেসিং সান্তান্দের দ্বিতীয় স্তর বা লা লিগা ২-তে চূড়ায় আছে। আর রেয়ালের প্রতিপক্ষ আলবাসেতে আছে তালিকার ১৭ নম্বরে।
এক লেগের ম্যাচগুলো হবে আগামী সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
গত আসরের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। ৩২ বার ট্রফি জিতে এই প্রতিযোগিতার সফলতম দল তারাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বার জিতেছে আথলেতিক বিলবাও, রেয়াল মাদ্রিদ জিতেছে ২০ বার।
