১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্পেনের ১৬ বছরের খরা, ৭২ বছর পর অস্ট্রিয়া

দেড় দশকের বেশি সময় পর মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুটি দল।

স্পেনের ১৬ বছরের খরা, ৭২ বছর পর অস্ট্রিয়া
অনুশীলনে স্পেন ও অস্ট্রিয়া দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 08:23 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায়। 

এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান: 

১৭

আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ১৭ বারের মতো মুখোমুখি হচ্ছে স্পেন ও অস্ট্রিয়া। আগের ১৬ ম্যাচে স্পেনের জয় ৯টি, অস্ট্রিয়ার চারটি, বাকি তিনটি ড্র হয়েছে।  

দুই দলের সবশেষ পাঁচ ম্যাচেই অপরাজিত স্পেন (চার জয়, এক ড্র)। এর মধ্যে সবশেষ দুটিই জিতেছে তারা ৪ গোলের ব্যবধানে। সবশেষ ২০০৯ সালে ভিয়েনায় ৫-১ গোলে জিতেছিল স্প্যানিশরা।

তবে স্পেন সতর্ক থাকবে, কারণ অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবশেষ দেখায় ১৯৭৮ সালে ২-১ গোলে হেরেছিল তারা।

১৬

বিস্ময়করভাবে, ২০১০ সালের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ের পর থেকে বিশ্বকাপের নকআউট ম্যাচ জিততে পারেনি স্পেন!

এই ১৬ বছরের মধ্যে গত দুই আসরে তারা শেষ ষোলো থেকে বিদায় নেয় টাইব্রেকারে হেরে, ২০১৮ সালে রশিয়ার বিপক্ষে ও ২০২২ সালে মরক্কোর বিপক্ষে। 

বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ সাতটি নকআউট ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে স্পেন- ২০১৮ সালে রাশিয়ার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে, যেখানে পরে টাইব্রেকারে হারে তারা।    

৭২

অস্ট্রিয়া সবশেষ বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছিল প্রায় ৭২ বছর আগে, ১৯৫৪ সালের আসরে। সেবার লুসানে সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে হারিয়েছিল তারা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ম্যাচের রেকর্ড হিসেবে এটি টিকে আছে এখনও। 

সেবার তৃতীয় হয়েছিল অস্ট্রিয়া। সেমি-ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে তারা হেরেছিল ৬-১ গোলে। সেবারই নিজেদের চার বিশ্বকাপ শিরোপার প্রথমটি জিতেছিল জার্মানরা।