১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একিটিকের বিশ্বকাপ শেষ, খবর গণমাধ্যমের

ধারণা করা হচ্ছে, লিভারপুলের ফরাসি ফরোয়ার্ডের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে।

একিটিকের বিশ্বকাপ শেষ, খবর গণমাধ্যমের
ফরাসি ফরোয়ার্ড উগো একিটিকে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 10:10 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়েন উগো একিটিকে, তখনই মনে হচ্ছিল মারাত্মক কিছু। ফরাসি গণমাধ্যমগুলোর খবর, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ডের।

লা পারিসিয়ান ও লেকিপে তাদের বুধবারের প্রতিবেদনে লেখেছে, এই চোটে এবারের বিশ্বকাপে খেলার দুয়ার বন্ধ হয়ে গেল ২৩ বছর বয়সী একিটিকের।

পিএসজির বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে এই চোট পান একিটিকে। ২৭তম মিনিটে সতীর্থের পাস ধরার জন্য দৌড় দিতেই মাটিতে পড়ে যান তিনি।

সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দিতে মাঠে প্রবেশ করেন লিভারপুলের মেডিকেল স্টাফরা। ওই সময় ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনের দিকে ইঙ্গিত করেন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান এই ফুটবলার।

অ্যানফিল্ডে ম্যাচটি ২-০ গোলে হেরে যায় লিভারপুল। প্রথম লেগেও একই ব্যবধানে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে জায়গা করে নেয় পিএসজি।

ম্যাচ শেষে একিটিকের চোট নিয়ে লিভারপুল কোচ বলেন, “খুবই বাজে মনে হয়েছে। তবে কতটা গুরুতর সেটা এখন বলতে পারছি না।”

একিটিকের চোট নিয়ে এখনও কিছু জানায়নি লিভারপুল কিংবা ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তবে গণমাধ্যমের খবর, সেরে উঠতে ছয় মাসের মতো সময় লাগবে এই ফুটবলারের।

এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই দুই মাসও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন হবে আসর। তাই বিশ্ব মঞ্চে একিটিকের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

৬ কোটি ৯০ লাখ পাউন্ডে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে চলতি মৌসুমের শুরুতে লিভারপুলে যোগ দেন একিটিকে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন তিনি।