জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন ইয়োকেরেশ
হাঙ্গেরি ও আলজেরিয়ার বিপক্ষে তারকা এই স্ট্রাইকারকে পাবে না সুইডেন।
চোট ছোবল দিয়েছে সুইডেন শিবিরে। হাঙ্গেরি ও আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের তারকা স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশকে পাবে না সুইডিশরা।
২৬ বছর বয়সী ইয়োকেরেশের চোট গুরুতর কিছু নয় বলে জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে চোটের ধরন নিয়ে কিছু বলেনি তারা।
মেডিকেল টিম চোট পর্যালোচনা করার পর জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান ইয়োকেরেশ।
স্পোর্টিং লিসবনের জার্সিতে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে এই সেন্টার-ফরোয়ার্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচ খেলে ৫৪ গোল করেছেন তিনি। ১৩টি গোলে রেখেছেন অবদান।
এবারের দলবদলে তার লিসবন ছাড়ার জোর গুঞ্জন রয়েছে। আর্সেনাল, রেয়াল মাদ্রিদের মতো ইউরোপের বড় ক্লাবগুলো তাকে দলে টানতে আগ্রহী বলে খবর।
আগামী ৬ জুন হাঙ্গেরি ও ১০ জুন আলজেরিয়ার বিপক্ষে খেলবে সুইডেন।
