২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেদারল‍্যান্ডসের ‘আসল লড়াই এখন শুরু’

সেরা অবস্থায় থেকে বিশ্বকাপে খেলতে যেতে চান ডাচ প্লেমেকার ফ্রেঙ্কি ডি ইয়ং।

নেদারল‍্যান্ডসের ‘আসল লড়াই এখন শুরু’
ফ্রেঙ্কি ডি ইয়ং। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 03:28 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করার পর এবার নেদারল‍্যান্ডসের আসল লড়াই শুরু বলে মনে করছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। যতটা সম্ভব উন্নতি করে ভালো অবস্থায় থেকে চূড়ান্ত পর্বে খেলতে চান বার্সেলোনার এই তারকা মিডফিল্ডার।  

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে সোমবার রাতে বাছাইপর্বের শেষ রাউন্ডে লিথুয়ানিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে নেদারল‍্যান্ডস। এই জয়ে দ্বাদশবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ আসরের রানার্সআপরা।  

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর এবার উন্নতিতে মনোযোগ দেওয়ার তাগিদ জানালেন প্লেমেকার ডি ইয়ং।

“আমি মনে করি, আমাদের পারফরম‍্যান্সে ভালো কিছু দিক ছিল। সম্ভবত আমরা কিছুটা নিষ্প্রভ হয়ে পড়েছিলাম। তবে বিরতির পরের সময়টা দর্শকদের জন‍্য দারুণ ছিল। অবশ‍্যই আপনি যত বেশি সম্ভব গোল করতে চাইবেন, ৪-০ ব‍্যবধানের জয় চমৎকার ব‍্যাপার।”

“এখন আসল কাজ শুরু। আমরা যতটা সম্ভব উন্নতিতে মনোযোগ দেব এবং সম্ভাব‍্য সবচেয়ে ভালো অবস্থায় থেকে বিশ্বকাপে যাওয়ার চেষ্টা করব।”

আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করেছে নেদারল্যান্ডস।