Published : 29 Mar 2026, 11:06 PM
জাতীয় দলে জায়গা পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্য অনেক বড় প্রাপ্তি। হায়ানের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়ে ১৯ বছর বয়সী ফুটবলার তো আনন্দে আত্মহারা। বললেন, তার শৈশবের স্বপ্ন পূরণ হওয়ার কথা।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ ধাপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য হায়ানকে দলে রাখেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে খেলার সুযোগ অবশ্য পাননি তিনি।
আগামী বুধবার ক্রোয়াটদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ভাস্কো দা গামার তরুণ প্রতিভা হায়ানকে খেলান কিনা আনচেলত্তি, সেটাই দেখায়। মাঝমাঠ ও আক্রমণভাগে খেলতে পারা এই ফুটবলার এখন খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে।
বয়সভিত্তিক নানা পর্যায়ে খেলে এখন কাঙ্ক্ষিত ঠিকানায় পা দিয়েছেন হায়ান। এটাকে ক্যারিয়ারের অনেক বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
“আমি খুবই আনন্দিত। শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে। কেবল আমার নয়, আমার সহধর্মিণী ও পরিবারেরও (স্বপ্ন সত্যি হয়েছে) আমি এখন এখানে (জাতীয় দলে)।”
“আমি ব্রাজিলের অনূর্ধ্ব-১৫, ১৭, ২০ দলে খেলেছি। এখন জাতীয় দলের জায়গা পেয়েছি, যেটা সবসময়ই স্বপ্ন ছিল। এটা অর্জন করতে পেরে…আমি খুবই খুশি ও কৃতজ্ঞ।”
যে ক্লাবে বেড়ে উঠেছেন হায়ান, সেই ভাস্কোয় খেলেছেন তার বাবা ভাল্কমারও। ক্লাবটির হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন ভাল্কমার। সাবেক এই ডিফেন্ডার এবার নিজের ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায়।
ভাস্কোর সোনালী অতীত থেকে অনুপ্রেরণা নিলেও, ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের কয়েকজনের সঙ্গে মাঠে নামার সুযোগ হয়েছে হায়ানের। ২০২৪ সালে দুটি বিশ্বকাপে খেলা ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনিয়োকে দলে টানার ঘোষণা দেয় ভাস্কো।
কৌতিনিয়োকে মুগ্ধ করতে খুব বেশি সময় নেননি হায়ান। তরুণ ফুটবলারের উচ্ছ্বসিত প্রশংসা করেন সাবেক বার্সেলোনা তারকা। গত মৌসুমে ফ্লুমিনেসির বিপক্ষে ডার্বির ম্যাচের পর তাকে ‘বিরল রত্ন’ বলেন কৌতিনিয়ো।
“সে আমাদের রত্ন। চমৎকার একটি ছেলে, ভীষণ কঠোর পরিশ্রমী। মাটির মানুষ, খুবই বিনয়ী এবং আমি নিশ্চিত তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে…তার ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গে খেলতে পারাটা আনন্দের।”