১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুলে ফেরার প্রশ্নে ক্লপ বললেন, ‘তাত্ত্বিকভাবে সম্ভব’

তবে এই জার্মান কোচের বিশ্বাস, আর্না স্লটের হাত ধরেই ঘুরে দাঁড়াবে লিভারপুল।

লিভারপুলে ফেরার প্রশ্নে ক্লপ বললেন, ‘তাত্ত্বিকভাবে সম্ভব’
ইয়ুর্গেন ক্লপ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 06:29 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

মৌসুমে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুল। ক্লাবটির কঠিন এই সময়ে অ্যানফিল্ডে সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের ফেরার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে চর্চা। তাহলে ‘প্রিয় দলের’ দুঃসময়ে কি ফিরবেন তিনি?-এমন প্রশ্নের উত্তরে জার্মান কোচ বললেন, তাত্ত্বিকভাবে সেটা অসম্ভব নয়।

তবে ক্লপের দৃঢ় বিশ্বান, আর্না স্লটের কোচিংয়ে শীঘ্রই কক্ষপথে ফিরবে লিভারপুল।

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ মোট ৮টি ট্রফি জিতিয়েছেন ক্লপ। অ্যানফিল্ডে সফল ৯টি বছর কাটিয়ে ২০২৩-২৪ মৌসুম শেষে দলটিকে বিদায় জানান তিনি।

‘দা ডায়েরি অব এ সিইও’ পডকাস্টে পুরনো দায়িত্বে ফেরার সম্ভাবনার প্রশ্নে নিজের অভিমত জানান ক্লপ।

“আমি বলেছিলাম, ইংল্যান্ডে অন্য কোনো দলে কোচিং করাব না। তাই যদি (আমি দেশটিতে ফিরে যাই), সেটা হবে লিভারপুলেই। সুতরাং হ্যাঁ, তাত্ত্বিকভাবে এটা সম্ভব।”

৫৮ বছর বয়সী এই জার্মান কোচের পর লিভারপুলের দায়িত্ব নেন আর্না স্লট, যিনি গত মৌসুমে ইতিহাসে প্রথম ডাচ কোচ হিসেবে প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি গড়েন। 

তবে অ্যানফিল্ডে দ্বিতীয় মৌসুমেই মুদ্রার উল্টোপিঠ দেখতে শুরু করেছেন স্লট। কক্ষচ্যুত হয়ে পড়া লিভারপুল হেরে গেছে সবশেষ চার ম্যাচে; ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবার এমন অভিজ্ঞতা হয়েছে দলটির। 

সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছে লিভারপুল। তবে ক্লপের বিশ্বাস, ফ্লোহিয়ান ভিয়েৎস ও উগো একিটিকের মতো খেলোয়াড়দের নিয়ে স্লট পরিস্থিতি সামলে নেবেন।