২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এমএলএসে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার

সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করতে চান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

এমএলএসে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার
দেপোর্তিভো রিকলেতার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে সান্তোসের গোলটি করেন নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 06:12 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে পারেন নেইমার, কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমন খবর। তবে এখনই মেজর লিগ সকারের (এমএলএস) কোনো ক্লাবে যোগ দিতে নারাজ তিনি। শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করার ইচ্ছা তার।

চলতি মাসের শুরুতে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানায়, নেইমারকে এবারের গ্রীষ্মের দলবদলে স্কোয়াডে যোগ করতে আগ্রহী এমএলএসের ক্লাব সিনসিনাটি। নেইমারের আগ্রহ জানতে তার প্রতিনিধিদের সঙ্গেও নাকি আলোচনা করছিল তারা।

ইএসপিএনের বুধবারের প্রতিবেদনে লেখা হয়, এমনকি নেইমারের সম্ভাব্য দলবদল নিয়ে এমএলএসের ক্লাবের সঙ্গে আরও আলোচনার জন্য অপেক্ষায় আছেন তার বাবা।

চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে নেইমারের। সেই পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতেই থাকতে চান তিনি।

দেপোর্তিভো রিকলেতার বিপক্ষে ১-১ ড্রয়ের পর মিক্স জোনে নেইমারকে সান্তোস ছাড়ার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে, সেটি উড়িয়ে দেন তিনি। 

“আমি জানি না (ট্রান্সফার উইন্ডোতে সান্তোস ছাড়ার সম্ভাবনার বিষয়ে)। সত্যি বলতে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি রয়েছে। আমি সেটা পূর্ণ করতে চাই।”

হাঁটুর চোটে মাঠে নিয়মিত হতে পারছেন না নেইমার। ২০২৬ সালে কেবল আটটি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী ফুটবলার। চারটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। 

বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড চোট কাটিয়ে রিকলেতার বিপক্ষে মাঠে ফেরেন। দলের একমাত্র গোলটি করেন তিনি। ম্যাচ শেষে সান্তোসের এক সমর্থকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। ওই সময় সান্তোসকে দুয়ো দিচ্ছিলেন সমর্থকরা। 

পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম নেইমার লেখেন, “হার, জিত ও ড্র ফুটবলের অংশ! আমরা উন্নতির জন্য কাজ করে যাব…কেবল এটাই আমরা করতে পারি।”

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে সান্তোসের জার্সিতে ভালো খেলার পাশাপাশি নিজের ফিটনেস প্রমাণ করতে হবে নেইমারের।