১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেয়ালে ভিনিসিউস-এমবাপের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এন্দ্রিকের

এমবাপে ও কামাভিঙ্গা তাকে লিওঁতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রেয়ালে ভিনিসিউস-এমবাপের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এন্দ্রিকের
এন্দ্রিক। ছবি: অলিম্পিক লিওঁ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ধারে অলিম্পিক লিওঁতে পাড়ি জমানো এন্দ্রিক রেয়াল মাদ্রিদে ফেরার আশায় আছেন। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বললেন, ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতেই একদিন চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি। 

রেয়ালে খেলার যথেষ্ট সুযোগ না পাওয়ায়, গত ডিসেম্বরে বাকি মৌসুমের জন্য ধারে লিওঁতে যোগ দিয়ে শুরুটা দারুণ করেছেন এন্দ্রিক। ফরাসি দলটির হয়ে প্রথম পাঁচ ম্যাচে একটি হ্যাটট্রিকসহ করেছেন পাঁচ গোল, অবদান রেখেছেন আরেকটি গোলে।

ফরাসি টিভি শো ‘টেলাফুট’-এ ১৯ বছর বয়সী এই ফুটবলার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা ব্যক্ত করলেন। 

“আশা করি, একদিন ভিনিসিউস জুনিয়র ও (কিলিয়ান) এমবাপের সঙ্গে খেলব এবং চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য ট্রফি জিতব।”

রেয়ালের দুই ফরাসি ফুটবলার এমবাপে ও এদুয়ার্দো কামাভিঙ্গা তাকে লিওঁতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানালেন এন্দ্রিক। 

“তারা আমাকে বলেছিল, লিগ আঁ ভালো লিগ, খুব প্রতিদ্বন্দ্বিতামূলক এবং লিওঁতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল, কারণ এটা দুর্দান্ত দল। তাদের পরামর্শের জন্য আমি কৃতজ্ঞ।”

২০২৪ সালের জুলাইয়ে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ছয় বছরের চুক্তিতে রেয়ালে নাম লেখান এন্দ্রিক।