১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এফএ কাপে যাত্রার সমাপ্তি আর্সেনালের

সপ্তাহ দুয়েক আগেও যাদের কোয়াড্রপল জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আর্সেনালের টানা দুই ম্যাচে দুটি শিরোপা জয়ের আশা শেষ।

এফএ কাপে যাত্রার সমাপ্তি আর্সেনালের
লিগ কাপের ফাইনালে হারের পর, এফএ কাপ থেকেও বিদায় নিল আর্সেনাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 03:33 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে মাঠে ফেরা এর চেয়ে বেশি হতাশার বুঝি হতে পারতো না আর্সেনালের। সাউথ্যাম্পটনের বিপক্ষে একবার ঘুরে দাঁড়াতে পারলেও, দ্বিতীয়বার পিছিয়ে পড়ে আর পারল না মিকেল আর্তেতার দল। ছিটকে পড়ল তারা এফএ কাপ থেকে।

দ্বিতীয় স্তরের ক্লাবটির মাঠে শনিবার রাতে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হেরে গেছে আর্সেনাল। 

লিগ কাপের ফাইনালে হারের হতাশা নিয়ে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যায় আর্সেনাল, এরপর মাঠে ফেরার ম্যাচে আরেকটি কাপ টুর্নামেন্টও শেষ হয়ে গেল দলটির।

জয়ের পর সাউথ্যাম্পটনের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

জয়ের পর সাউথ্যাম্পটনের খেলোয়াড়দের উল্লাস

অধিকাংশ সময় বল দখলে রেখে ও গোলের জন্য বেশি শট নিলেও, কার্যত প্রতিপক্ষকে সেভাবে ভাবাতেই পারেনি প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি। 

৩৩তম মিনিটে তাদের জালে প্রথম বল পাঠান রস স্টুয়ার্ট। ৬৮তম মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্তর ইয়োকেরেশ। 

কিন্তু, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে চার্লসের গোলে আবার এগিয়ে যায় সাউথ্যাম্পটন, সেটা আর শোধ করতে পারেনি সফরকারীরা। 

চ্যাম্পিয়নশিপের সপ্তম স্থানে থাকা সাউথ্যাম্পটন পেল স্মরণীয় এক জয়, বিদায় করে দিল প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশীদের।