১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাফিনিয়া-কুন্দের অবস্থা জানার অপেক্ষায় বার্সেলোনা

দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় চোট পেয়েছেন কিনা জানতে অপেক্ষায় কোচ হান্সি ফ্লিক।

রাফিনিয়া-কুন্দের অবস্থা জানার অপেক্ষায় বার্সেলোনা
চোট সমস্যায় মাঠে বসে আছেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার কুন্দে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

এলচের বিপক্ষে জয়ের পথে ম‍্যাচ শেষ করতে না পারা দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। 

লা লিগায় শনিবার ৩-১ ব‍্যবধান জয়ে পয়েন্ট টেবিলে ফের ৪ পয়েন্টে এগিয়ে গেছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। বিরতির পর আর মাঠে নামেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, ৮৫তম মিনিটে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার কুন্দে। 

কিছুটা ক্লান্তি নিয়েই এলচের বিপক্ষে মাঠে নামেন রাফিনিয়া। তাকে পুরো ম‍্যাচ খেলার পরিকল্পনা ছিল না কোচের। 

বিরতির কিছুক্ষণ আগে একজনের চ‍্যালেঞ্জের পর অ‍্যাডাকটারে সমস‍্যার ইশারা দেন রাফিনিয়া। একটু পরে আক্রমণের জন‍্য এক বক্স থেকে অন‍্য বক্সে দ্রুতগতিতে ছুটেন এই তারকা। এর ফল ভালো হয়নি তার জন‍্য। রেফারি বিরতির বাঁশি বাজানোর সময় ব‍্যথা পাওয়া জায়গায় হাত চেপে ধরতে দেখা যায় তাকে। 

ম‍্যাচ শেষে কোচ ফ্লিক জানান, আগে থেকে ঠিক করে রেখেছিলেন দ্বিতীয়ার্ধে রাফিনিয়াকে তুলে নেবেন তিনি। 

“ সর্বোচ্চ ৬০ মিনিট রাফিনিয়াকে খেলানোর পরিকল্পনা ছিল আমাদের। সে কিছুটা ক্লান্ত কিন্তু সে ভালো আছে। আগামীকাল আমরা দেখব।”

ম‍্যাচের শেষ দিকে ঊরু চেপে ধরে থাকতে দেখা যায় কুন্দেকে। কোনো ঝুঁকি না নিয়ে তার জায়গায় রোনাল্দ আরাউহোকে নামান বার্সেলোনা কোচ।

“কুন্দে সমস‍্যা অনুভব করেছে। আগামীকাল আমরা দেখব সে কেমন আছে।” 

২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। সোমবার রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে মাদ্রিদের দলটি।