১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপত্তিকর ভিডিও ছড়ানোর মামলা থেকে মুক্তি আসেন্সিওর

এই ঘটনায় রেয়াল মাদ্রিদের যুব দলের একসময়ের তিন ফুটবলারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা স্থগিত থাকবে।

আপত্তিকর ভিডিও ছড়ানোর মামলা থেকে মুক্তি আসেন্সিওর
রাউল আসেন্সিও। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 10:32 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পাওয়ার পরদিন অন্য একটি ঘটনায় স্বস্তির খবর পেয়েছেন রাউল আসেন্সিও। সম্মতি ছাড়াই যৌন ভিডিও ছড়ানোর মামলা থেকে খালাস পেয়েছেন রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত বৃহস্পতিবার তাকে খালাস দেয়। 

ভুক্তভোগীরা আদালতে আসামিদের ক্ষমা করে দেওয়ার কথা জানানোর পর, প্রসিকিউটররা আসেন্সিওর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেন এবং তিন বছর আগের এই ঘটনায় রেয়াল মাদ্রিদের যুব দলের একসময়ের আরও তিন ফুটবলারের সাজা কমানোর অনুরোধ করেন।

ওই তিন খেলোয়াড়, যাদের বিরুদ্ধে দুই কিশোরীর (যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক) যৌন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল, তাদের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা আর কোনো অপরাধ না করার শর্তে এই সাজা স্থগিত রাখা হয়েছে।

আসেন্সিওর বিরুদ্ধে শুধুমাত্র ভিডিওটি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল।

এর আগে বুধবার অন্য একটি আদালত জানায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে আসেন্সিওকে ১৪ হাজার ৪০০ ইউরো (১৬ হাজার ৮০০ ডলার) জরিমানা করা হয়েছে এবং আট মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে।

রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো বৃহস্পতিবার জানান, আসেন্সিওর বিরুদ্ধে ক্লাব তদন্ত করছে, তবে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৩ বছর বয়সী সেন্টার-ব‍্যাক তার পরিকল্পনার অংশ হিসেবেই থাকবেন।