২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘অসাধারণ’ গুয়ার্দিওলার ছোঁয়ায় আরও সমৃদ্ধ ডোকু

নিজের খেলায় উন্নতির জন্য ম্যানচেস্টার সিটি কোচকে কৃতিত্ব দিলেন দলটির তরুণ বেলজিয়ান উইঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 08:27 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

বছর খানেক আগেও তেমন একটা পরিচিতি ছিল না জেরেমি ডোকুর। এখন ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে এই বেলজিয়ান ছিলেন পেপ গুয়ার্দিওয়ার ‘গোপন অস্ত্র।’ নিজের খেলায় উন্নতির জন্য সিটির স্প্যানিশ কোচকে কৃতিত্ব দিচ্ছেন এই তরুণ উইঙ্গার।

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলজিয়াম দলের উদীয়মান তারকাদের একজন ডোকু। ২২ বছর বয়সী এই ফুটবলার সিটির হয়ে প্রথম মৌসুমেই জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে ২৯ ম্যাচ খেলে তিন গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন তিনি।

আগামী বুধবার ইউক্রেইনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে ডোকু বললেন, গুয়ার্দিলার ছোঁয়ায় বদলে গেছে তার খেলা।  

“সিটিতে খেলার সুবাদে, এখন আমি খেলাটি সম্পর্কে আরও বেশি জানি। এখন আরও ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলছি, আরও ভালো দলের বিপক্ষে খেলছি এবং এসবই আমাকে বদলে দিয়েছে। ভালো মুহূর্ত ও কঠিন মুহূর্ত, দুটো থেকেই আমি অনেক কিছু শিখেছি।”

“পেপ অসাধারণ একজন, দারুণ উদ্যমী। তিনি একজন পারফেকশনিস্ট এবং যিনি সিটিতে খেলবেন, তিনিও পারফেকশনিস্ট হয়ে উঠবেন। অনেক সময় গেছে যখন আমার মনে হয়েছে, আমি ভালো করেছি, তারপর তিনি এসে আমাকে বললেন, ‘তুমি এটা অন্যভাবে করতে পারতে’, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

তবে জার্মানিতে ইউরো চলাকালীন গুয়ার্দিওলার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন ডোকু।