এমবাপের প্রসঙ্গ এড়িয়ে গেলেন পিএসজি কোচ
ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কিলিয়ান এমবাপের সাবেক দল পিএসজি ও বর্তমান দল রেয়াল মাদ্রিদ।
কোনো ম্যাচে লড়াইয়ের ভেতর থাকে প্রকাশ্য বা অপ্রকাশ্য অনেক লড়াই। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে এমন একটি লড়াই খুবই দৃশ্যমান ও গোটা ফুটবল বিশ্বেই কৌতূহলের কেন্দ্রে। রেয়াল মাদিদ্রের কিলিয়ান এমবাপে লড়বেন তার সাবেক দল পিএসজির বিপক্ষে। ম্যাচের আগে অবশ্য এই প্রশ্ন খুব একটা পাত্তা দিলেন না পিএসজি কোচ লুইস এনরিকে। তার কাছে এমবাপে এখন অতীত।
ক্লাব বিশ্বকাপের এই মহারণ শুরু বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ ও পিএসজি।
দীর্ঘদিনের টানাপোড়েন শেষে গত বছর ফ্রি এজেন্ট হিসেবে রেয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপে। পিএসজি মরিয়া ছিল তাদের ইতিহাসের সফলতম গোলস্কোরারকে ধরে রাখতে। কিন্তু তিনি চেয়েছেন যে কোনো মূল্যে রেয়ালে যোগ দিতে।
সেই থেকে পিএসজির সঙ্গে এমবাপের সম্পর্ক শীতল। আর্থিক বিষয়াদি নিয়ে দুই পক্ষের আইনি লড়াইও চলছে আদালতে।
সেই এমবাপে যখন লড়বেন পিএসজির বিপক্ষে, বাড়তি উত্তেজনার রসদ তো থাকবেই। মৌসুমজুড়ে অনেকবার আলোচিত প্রশ্নটি আবার উঠল রেয়ালের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে- এমবাপেকে ছাড়াই কি এখন আরও ভালো দল পিএসজি? এনরিকে সেই প্রশ্নের গভীরেই গেলেন না।
“এই প্রশ্ন অতীত নিয়ে। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে চাই না। ভাবছি কেবল ভবিষ্যৎ নিয়েই।”
রেয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে অবশ্য দারুণ রোমাঞ্চিত এই মৌসুমে ট্রেবলজয়ী কোচ।
“বিশ্বের সফলতম ক্লাবের বিপক্ষে লড়াই সবসময়ই বাড়তি প্রেরণার। রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি বিশেষ কিছু, কোনো সংশয় নেই। এই ধরনের ম্যাচ খেলতে আমরা বেশি পছন্দও করি, কারণ এর মানে আমরা নিজেদের কাজটি করতে পেরেছি এবং সেমি-ফাইনালের মতো ম্যাচ খেলার জায়গায় আসতে পেরেছি।”
যুক্তরাষ্ট্রের প্রচণ্ড গরম অবশ্য দুই দলের জন্যই হতে পারে স্বাভাবিক খেলার পথে বড় বাধা। টুর্নামেন্টজুড়েই আলোচিত কঠিন এই কন্ডিশন। প্রথম সেমি-ফাইনালে চেলসি ও ফ্লুমিনেসির ম্যাচের সময় তাপমাত্রা ছাড়িয়ে যায় ৩৫ ডিগ্রি। একই ভেন্যুতে রেয়াল ও পিএসজির লড়াই।
এনরিকের অবশ্য এটি নিয়ে দুর্ভাবনা নেই বেশি।
“আমরা অভ্যস্ত হয়ে উঠছি এই কন্ডিশনে খেলতে। এই বিশ্বকাপের ধারাই তো এটি। বরাবরের মতোই ব্যাপার হবে এই ম্যাচও। অবশ্যই এটি খুব ভালো কিছু নয়, কারণ এই কন্ডিশনে খেলা খুব কঠিন। তবে তা দুই দলের জন্যই হবে।”
