Published : 11 Jan 2026, 01:00 AM
রেয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে খেলোয়াড়দের স্পষ্ট বার্তা দিয়েছেন হান্সি ফ্লিক। সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেও দেখতে চান বার্সেলোনা কোচ।
জেদ্দায় রোববার শিরোপা লড়াইয়ে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
শেষ চারে বিলবাওয়ের বিপক্ষে প্রথমার্ধে ১৬ মিনিটের মধ্যে চার গোল করে বার্সেলোনা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় পায় তারা। জোড়া গোল করেন রাফিনিয়া। ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি গোল করেন একটি করে।
পরদিন নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতে রেয়াল মাদ্রিদ।
ফাইনালের আগে শনিবার সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, এবারও খেলোয়াড়দের কাছে সেরাটা চান তিনি।
“আমার খেলোয়াড়রা সর্বোচ্চ স্তরে খেলছে। এটি রেয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল এবং আমি আথলেতিকের বিপক্ষে ম্যাচের মতোই দেখতে চাই: একটি দল হিসেবে, ইউনিট হিসেবে খেলা, যেখানে সবাই মাঠে তাদের সেরাটা দেবে।”
গতবার সুপার কাপের ফাইনালে রেয়ালকে ৫-২ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। গত মৌসুমে রেয়ালের বিপক্ষে চারবারের দেখায় সবকটিতে জিতলেও, এই মৌসুমে প্রথম ক্লাসিকোয় বার্সেলোনা হেরেছে।
এবার কি অক্টোবরে বের্নাবেউয়ে সেই হারের বদলা নিতে নামবে কাতালান দলটি? ফ্লিক অবশ্য সেভাবে ভাবছেন না।
“আমি এভাবে দেখতে চাই না। ওটা ছিল স্রেফ একটি ম্যাচ। এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছে, যা দরকার ছিল তাই করেছি। আমরা আবার ভালো খেলছি। বার্সেলোনা সবসময় জয়ের কথা বলে। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ, দলকে মনোযোগী দেখা।”
বের্নাবেউয়ে সেই হারের পর লা লিগায় টানা ৯ ম্যাচ জিতেছে বার্সেলোনা। রেয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ফ্লিকের দল।