২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আফরাকে হারিয়ে বক্সিংয়ে সেরা যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত

জিনাত ফেরদৌসের বিপক্ষে বোনের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার, কিন্তু ফিরতে হলো হতাশ হয়ে।

আফরাকে হারিয়ে বক্সিংয়ে সেরা যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত
ফাইনালের লড়াইয়ে মুখোমুখি জিনাত ও আফিরা। ছবি: আইটার ছবি ফেডারেশনের

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের বিপক্ষে লড়াইয়ে বড় বোনকে সমর্থন যোগাতে বক্সিং স্টেডিয়ামে বাবা-মায়ের সাথে এলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। কিন্তু পরিবারের সামনে নিজেকে মেলে ধরতে পারলেন না আফরা খন্দকার। লড়াই জমাতেই পারলেন না তিনি। তাকে হারিয়ে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম খেলতে নেমেই সেরা জিনাত।

মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বৃহস্পতিবার মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে তিন রাউন্ডের সবকটিতেই জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত।

সেরার লড়াইয়ে পরিবারের সবার সামনে জিততে না পারলেও হতাশ নন আফরা। জিনাতের বিপক্ষে তিন রাউন্ড টিকে থাকতে পেরেই খুশি তিনি।

বাবা-মা ও বোন আফঈদা খন্দকারের সঙ্গে বক্সার আফরা খন্দকার। ছবি: আফঈদার ফেইসবুক

বাবা-মা ও বোন আফঈদা খন্দকারের সঙ্গে বক্সার আফরা খন্দকার

“হেরেছি, কিন্তু এতে কোনো আক্ষেপ নেই। আমি চেয়েছিলাম যাতে খেলাটি তিন রাউন্ড পর্যন্ত যায়। আলহামদুলিল্লাহ তিন রাউন্ড খেলেই এসেছি। জিনাত বিদেশে অনুশীলন করে। অনুশীলনের সুবিধা অনেক ভালো। ওরকম ভালো সুযোগ-সুবিধা পেলে আমরাও ওদের মতো ভালো করব।”

প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় খেলতে নেমে সেরা হওয়া জিনাত বাংলাদেশের বক্সারদের টেকনিকে আরও উন্নতির পরামর্শ দিলেন। বক্সিংয়ে আফরাদের আগ্রহে মুগ্ধ তিনি।

“বাংলাদেশি ছেলে এবং মেয়ে যারা আছে, সত্যিকার অর্থেই ওরা অনেক খেলতে চায়। ওরা রিংয়ে খেলা ছেড়ে দিতে চায় না। আরেকটু টেকনিক যদি রপ্ত করতে পারে, তাহলে ভবিষ্যতে ওরা অনেক ভালো করবে।”