১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাঠে ফেরার ব্যাপারে সংশয় ছিল না পগবার

দুই বছরের বেশি সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরে ভীষণ ভালো লাগছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের।

মাঠে ফেরার ব্যাপারে সংশয় ছিল না পগবার
মোনাকোর জার্সিতে পল পগবা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে ফিরতে পেরে স্বস্তি অনুভব করছেন পল পগবা। মাঝের কঠিন সময়টাতে কখনও আত্মবিশ্বাস হারাননি তিনি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার বললেন, আবারও ফুটবল খেলা নিয়ে কোনো সংশয় ছিল না তার।

দুই বছরের বেশি সময় পর শনিবার লিগ আঁর ম্যাচ দিয়ে পেশাদার ফুটবলে ফেরেন ৩২ বছর বয়সী পগবা। রেনের বিপক্ষে ৪-১ গোলে হেরে যাওয়া ম্যাচে মোনাকোর প্রতিনিধিত্ব করেন তিনি।

ম্যাচের ৮৫তম মিনিটে যখন বদলি হিসেবে মাঠে নামেন পগবা, তাকে করতালিতে স্বাগতম জানান রেনের মাঠের দর্শকরা। এমন কিছু তার কল্পনার সীমানায়ও ছিল না বলে জানিয়েছেন পগবা।  

প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে পগবাকে সবশেষ দেখা যায় ২০২৩ সালের সেপ্টেম্বরে। ক্যারিয়ারজুড়ে অনেক বিতর্কে জড়ানো এই ফুটবলার ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। পরে আপিলে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।

নিষেধাজ্ঞা কাটিয়ে গত জুনে ফ্রি ট্রান্সফার হিসেবে মোনাকোয় যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের সাবেক এই ফুটবলার। গত মাসেই ক্লাবটির জার্সিতে অভিষেকের খুব কাছে ছিলেন তিনি। কিন্তু অ্যাঙ্কেলের চোটে অপেক্ষা বাড়ে তার।

বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের পর পগবা বললেন, আবারও খেলার ব্যাপারে কখনও আশা হারাননি তিনি।

“দর্শকদের উঠে দাঁড়িয়ে করতালি দিতে দেখেছি, এমনটা হবে আমি কল্পনাও করিনি। যে কাজকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ফুটবল আবার খেলতে পেরে স্বস্তি পাচ্ছি। তবে পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ৯০ মিনিট খেলার জন্য তৈরি হতে এখনও অনেক কাজ বাকি…যদি মোনাকোয় ভালো পারফর্ম করতে না পারি, তাহলে আমাকে ফ্রান্স জাতীয় দলের কথা ভুলে যেতে হবে।”

“আমি নিজের ওপর এবং নিজের খেলার মানের ওপর আস্থা রাখি। যেহেতু জানতাম যে, আমি কোনো ভুল করিনি এবং এটা আমার দোষ ছিল না, আমি কখনও আশা হারাইনি।”

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগামী বুধবার পাফোসের মুখোমুখি হবে মোনাকো। লিগ আঁয় তাদের পরের ম্যাচ শনিবার, প্রতিপক্ষ পিএসজি।