যে কারণে সুপার কাপ জিততে উন্মুখ বার্সেলোনা কোচ
স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার সামনে প্রথম বাধা আথলেতিক বিলবাও।
মৌসুমের প্রথম শিরোপার হাতছানিতে এখন সৌদি আরবে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখতে উন্মুখ হয়ে আছেন দলটির কোচ হান্সি ফ্লিক। তার মতে, এই ট্রফি বাকি মৌসুমের জন্য জ্বালানি হিসেবে কাজ করবে।
জেদ্দায় সেমি-ফাইনালে বুধবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
চার দল নিয়ে গত কয়েক বছর ধরেই সৌদি আরবে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। আগের মৌসুমের লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো খেলে এখানে। ২০২৪-২৫ মৌসুমে ওই দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা, রানার্সআপ রেয়াল। তাই এই দুই দলের সঙ্গে গত মৌসুমে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে লা লিগা শেষ করা আতলেতিকো মাদ্রিদ ও বিলবাও সুযোগ পেয়েছে এবারের সুপার কাপে।
মজার ব্যাপার হলো, গত চার মৌসুমে যে দল যেবার স্প্যানিশ সুপার কাপ জিতেছে, তারাই পরে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। ফ্লিক তাই ভালো করেই বুঝতে পারছেন এই ট্রফির গুরুত্ব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই জার্মান কোচ বলেন, সর্বোচ্চটা দিয়ে শিরোপা ধরে রাখার চেষ্টা করবেন তারা।
“জার্মানিতে খেলা সুপার কাপের থেকে এই সুপার কাপ আলাদা। আমার ভালো লাগে; এটা ভিন্ন এক প্রতিযোগিতা, শিরোপা জেতার সবচেয়ে ছোট পথ। সুপার কাপ জয় বাকি মৌসুমের জন্য প্রাণশক্তি দেয় এবং আমরা সেটাই করার চেষ্টা করব।”
লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার কাপে নামছে বার্সেলোনা। এখানে জিততে পারলে আগামী রোববার ফাইনালে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে কাতালান দলটি।
