Published : 07 Apr 2026, 04:31 PM
চ্যাম্পিয়ন্স লিগে অনেক চর্চিত কথাটাই আবার বলেছেন বায়ার্ন মিউনিখ কোচ ভেঁসো কম্পানি, প্রতিপক্ষের মাঠের মধ্যে কঠিনতম হলো সান্তিয়াগো বের্নাবেউ। রেয়াল মাদ্রিদের মাঠ সম্পর্কে অতীতে এই একই মন্তব্য করেছেন অনেক কোচ ও খেলোয়াড়। ঘরের মাঠে দুর্দান্ত সব পারফরম্যান্সে এর প্রমাণ দিয়েছে ইউরোপের সফলতম দলটি।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার বের্নাবেউয়ে রেয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রেয়ালের মাঠে খেলার চ্যালেঞ্জের কথা বললেন কম্পানি।
“আমি মনে করি, এই প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠের মধ্যে খেলার জন্য কঠিনতম হলো বের্নাবেউ। আমার মনে হয়, এই ধরনের ম্যাচের জন্য অভিজ্ঞ খেলোয়াড় আমাদের আছে। এটা ট্যাকটিক্যাল একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে ছোটখাট ব্যাপারগুলো হবে গুরুত্বপূর্ণ। সিটির বিপক্ষে যেমন রেয়াল মাদ্রিদকে দেখেছি, তেমন দলকেই আমরা আশা করছি।”
প্রতিযোগিতার এই পর্যায়ে এসে দলগুলোর মধ্যে পার্থক্য খুব বেশি নেই। এগিয়ে যেতে মাঠের দুই প্রান্তে ভারসাম্যে জোর দিচ্ছেন কম্পানি।
“এই পর্যায়ে প্রতিটি দলই বিপজ্জনক। আমরা কোনো গোল হজম করতে চাই না এবং অন্তত একটি গোল করতে চাই। রেয়াল মাদ্রিদের বিপক্ষে নির্দিষ্ট কোনো গেম প্ল্যান নেই। আমাদের অনেক কিছু সামলাতে হবে।”