১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বেতন কমিয়ে’ ইউনাইটেডের সঙ্গে ম্যাগুইয়ারের নতুন চুক্তি

আরও এক বছর ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে থাকছেন ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার।

‘বেতন কমিয়ে’ ইউনাইটেডের সঙ্গে ম্যাগুইয়ারের নতুন চুক্তি
হ্যারি ম্যাগুইয়ার। ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 10:22 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ম্যানচেস্টার ইউনাইটেড এখনই ছাড়তে নারাজ হ্যারি ম্যাগুইয়ার। তাই ইংলিশ ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করেছেন তিনি। গণমাধ্যমের খবর, ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে বেতন কমাতেও রাজি হয়েছেন ইংলিশ ডিফেন্ডার।

৩৩ বছর বয়সী ম্যাগুইয়ারের সঙ্গে এক বছরের নতুন চুক্তির কথা মঙ্গলবার জানিয়েছে ইউনাইটেড। সেখানে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

চলতি মৌসুমের পরই ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত ম্যাগুইয়ারের। এখন ২০২৭ সালের জুন পর্যন্ত এখানে থাকবেন তিনি।

লেস্টার সিটি থেকে ২০১৯ সালে ৮ কোটি পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ম্যাগুইয়ার। ডিফেন্ডারদের মধ্যে যা ছিল ওই সময়ের বিশ্ব রেকর্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন ম্যাগুইয়ার। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও পরের মৌসুমে এফএ কাপ জিতেছেন তিনি।

ইউনাইটেডের সঙ্গে পথচলা আরও দীর্ঘ করতে পেরে ভালো লাগছে দলটির সাবেক অধিনায়ক ম্যাগুইয়ারের।

“ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করা সর্বোচ্চ সম্মান। এই দায়িত্ব আমাকে ও আমার পরিবারকে প্রতিদিনই গর্বিত করে।”

“এই অসাধারণ ক্লাবে আমার পথচলাকে অন্তত আটটি মৌসুম পর্যন্ত দীর্ঘায়িত করতে পেরে আমি ভীষণ খুশি। আমাদের বিশেষ সমর্থকদের সামনে খেলে আরও কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিতে চাই।”