১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বের্নাবেউয়ে লিসবনের রেয়ালকেই দেখতে চান আরবেলোয়া

বেনফিকা কোচ জোসে মরিনিয়োর ডাগআউটে না থাকা নিয়ে ভাবছেন না রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।

বের্নাবেউয়ে লিসবনের রেয়ালকেই দেখতে চান আরবেলোয়া
আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

প্রথম লেগের জয়ের আত্মবিশ্বাস সঙ্গী। বেনফিকার বিপক্ষে এবার প্লে-অফের ফিরতি লেগের ম্যাচ ঘরের মাঠে। দলকে কেমন রূপে দেখতে চান? এমন প্রশ্নে আলভারো আরবেলোয়া বলেছেন, লিসবনের রূপেই রেয়ালকে সান্তিয়াগো বের্নাবেউয়ে দেখতে চান তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার প্লে-অফের প্রথম লেগে বেনফিকার মাঠে ১-০ গোলে জিতে কিছুটা এগিয়ে আছে রেয়াল। বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

লিসবনে ভিনিসিউস জুনিয়রের ৫০তম মিনিটের গোলে রেয়ালের জয়ের ম্যাচে ছিল ঘটনার ঘনঘটা। বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিউস। লাল কার্ড দেখেন বেনফিকা কোচ জোসে মরিনিয়ো। ফিরতি লেগে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। মরিনিয়োর ডাগআউটে না থাকা খুব একটা পাত্তা দিচ্ছেন না আরবেলোয়া।

“দল যেমন দারুণ একটা ম্যাচ খেলার দিকে মনোযোগী, আমিও তাই। ক্যারিয়ারে এই প্রথম মরিনিয়ো বেঞ্চে বসে থাকছেন না এবং তার দলগুলো সবসময় ভালো পারফর্ম করে। প্রথম লেগের কিছু বিষয় সমন্বয়ের পর আগামীকাল দুর্দান্ত একটা ম্যাচের প্রত্যাশা করছি আমি। আমি দুর্দান্ত একটি ম্যাচ, উপভোগ্য ম্যাচ আশা করছি… এবং যেখানে মাদ্রিদ জয়ী হবে।”

“রেয়ালকে লিসবনের মতোই দেখতে চাই। এটা খুবই বিশেষ একটা ম্যাচ হবে, বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের দারুণ একটি রাত হবে, এ ধরনের ম্যাচের গুরুত্ব সমর্থকরা জানেন এবং আমাদের লক্ষ্য থাকবে এগিয়ে যাওয়া ও জেতা।”

লিসবনের ম্যাচে ভিনিসিউসকে বর্ণাবদী আক্রমণ করে নিষেধাজ্ঞা পাওয়া প্রেস্তিয়ান্নিকে পাবে না বেনফিকা। তবে এসব নিয়েও ভাবছেন না আরবেলোয়া। তার পূর্ণ মনোযোগ মাঠের লড়াইয়ে।

“এটা নিয়ে লকার রুমে আমরা আলোচনা করছি না, কিন্তু আমার মত আগের মতোই: বর্ণবাদকে আঘাত করার সুযোগ আমাদের আছে। উয়েফা সবসময় এই লড়াইয়ে এগিয়ে এসেছে এবং এখন সুনির্দিষ্ট প্রভাব রাখার সুযোগ তৈরি হয়েছে।”

“(প্রেস্তিয়ান্নির না খেলার প্রভাব) থাকবে না। আমরা ম্যাচের দিকে, শীর্ষ পর্যায়ে খেলা এবং দারুণ পারফরম্যান্স মেলে ধরার দিকে ভীষণ মনোযোগী এবং এদিকেই আমরা আমাদের সমস্ত শক্তি ও প্রচেষ্টা নিবদ্ধ করছি। বাকিটা… আমাদের ভাবনার বিষয় নয়। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের নয়, এটা উয়েফার।”

বেনফিকায় ওই পীড়াদায়ক ঘটনার পর ভিনিসিউস ভালো আছেন। ফিরতি লেগ নিয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার দারুণ অনুপ্রাণিত এবং কিলিয়ান এমবাপেও প্রস্তুত বলে জানালেন আরবেলোয়া।

“ভিনি খুবই ভালো করছে, মুখিয়ে আছে এ ম্যাচের দিকে। এ ধরণের ম্যাচ খেলতে সে ভীষণ উৎসাহী। আমি রেয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে সে অসাধারণ পারফর্ম করছে, সত্যিকার অর্থেই পার্থক্য গড়ে দিচ্ছে। আমরা তার সেরাটা চাই, তাকে তার সম্ভাবনার পুরোটা মেলে ধরার সুযোগ দিতে চাই। এর বাইরে… তার ভিন্ন অনেক বৈশিষ্ট আছে, সে নেতা। আগামীকাল আরেকটি দুর্দান্ত ম্যাচের জন্য তাকে আমাদের প্রয়োজন।”

“এমবাপে আগামীকাল খেলতে প্রস্তুত, যেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় (হাসি)। কয়েক সপ্তাহ হয়ে গেল… সবাই জানে, কিন্তু আমি তার প্রচেষ্টা ও নিবেদন তুলে ধরতে চাই। সে মাঠে আমাদের সাহায্য করতে চেষ্টা করছে। সে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে এবং প্রতিপক্ষের ডিফেন্ডাররা জানে, যেকোনো মুভেই সে সিদ্ধান্ত নিতে পারে। সে আগামীকালের জন্য প্রস্তুত এবং আমি নিশ্চিত, সে দুর্দান্ত একটা ম্যাচ খেলবে (আগামীকাল)।”