'বার্সা ছাড়া অন্য কোথাও যাওয়ার চিন্তাও করিনি'
ইলকাই গিনদোয়ানের বিশ্বাস, শীর্ষ পর্যায়ে এখনও অনেক কিছু দেওয়ার আছে তার।
ট্রেবল জয়ী অধিনায়ক ইলকাই গিনদোয়ানকে খুব করে ধরে রাখতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের হতাশ করে জার্মান মিডফিল্ডার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। বার্সেলোনায় যোগ দিয়ে তিনি বলেছেন, কাম্প নউ ছাড়া আর কোথাও যাওয়ার কথা তার ভাবনাতেও আসেনি।
২০২২-২৩ মৌসুমের পর চুক্তির মেয়াদ বাড়িয়ে গিনদোয়ান রাখার বেশ চেষ্টা করেছিল সিটি। কোচ পেপ গুয়ার্দিওলা বরাবরই বলেছেন, অধিনায়ককে ইতিহাদ স্টেডিয়ামেই চান তিনি। তবে শেষ পর্যন্ত ২ বছরের চুক্তিতে সোমবার বার্সেলোনায় যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী গিনদোয়ান।
গত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল গিনদোয়ানের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি। শাভি এর্নান্দেসের দলে খেলতে নাকি বেতন কমাতেও রাজি তিনি, এমন খবরও এসেছে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে, সিটি ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতেই কেবল যোগ দিতে চেয়েছিলেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ফুটবলার।
বার্সেলোনায় নাম লেখানোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে 'দা প্লেয়ার্স ট্রিবিউনে' নিজের লিখা একটি চিঠি পোস্ট করেন গিনদোয়ান। সেখানে তিনি তুলে ধরেন সিটি ছাড়ার কারণ ও বার্সেলোনাকে বেছে নেওয়ার পেছনের ভাবনা।
“যদি সিটি ছাড়ার সিদ্ধান্ত নিই, তখন বিশ্বে কেবল একটি ক্লাবই ছিল যেখানে যাওয়াটা অর্থবহ ছিল। হয় বার্সেলোনা, নাহলে কিছুই নয়। ছোটবেলা থেকেই আমি একদিন এই জার্সিটি পরার স্বপ্ন দেখেছিলাম।”
“আমি বিশ্বাস করি, সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর খেলতে পারব এবং বার্সেলোনাকে সেখানে নিয়ে যেতে সাহায্য করতে চাই, যেখানে তাদের থাকা উচিত। এর মাধ্যমে আমার পুরনো বন্ধু (রবের্ত) লেভানদোভস্কির সঙ্গে পুনর্মিলন হবে। তাছাড়া আমি এমন একজন কোচের সঙ্গে কাজ করার জন্য উচ্ছ্বসিত, লম্বা সময় ধরে আমি যাকে শ্রদ্ধা করি। আমি ও শাভি (এর্নান্দেস) যখন এই প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম, তখন সেটা খুবই স্বাভাবিক বলে মনে হয়েছিল। ফুটবলার হিসেবে এবং আমরা যেভাবে খেলাটা দেখি সেখানে মিল রয়েছে।”
বার্সেলোনার মতো একটি ক্লাবে খেলার চাপ যে মোটেও কম হবে না, তা বুঝতে পারছেন গিনদোয়ান। চ্যালঞ্জটা নিতে প্রস্তুত তিনি।
“আমি জানি বার্সেলোনায় অনেক চাপ থাকবে। তবে আমি চাপে থাকতে পছন্দ করি। আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসতে পছন্দ করি। নতুন একটা চ্যালেঞ্জের খোঁজে ছিলাম। এটাই আমার আমার পরবর্তী অধ্যায়ের মূল বিষয়। বার্সেলোনার জার্সিতে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।”
সিটির হয়ে সাত বছরের অধ্যায়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি শিরোপা জেতেন গিনদোয়ান। এবার বার্সেলোনার হয়ে অর্জনের খাতা আরও সমৃদ্ধ করার দিকে চোখ তার।
