Published : 04 Nov 2023, 05:57 PM
স্বাধীনতা কাপের সেরা আটে উঠতে ড্র দরকার ছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের। কিন্তু শক্তিশালী আবাহনীর বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। ফলে ছিটকে গেছে ২০১৩ সালের চ্যাম্পিয়নরা। একই দিনে আশা জাগিয়েও পারেনি ফর্টিস এফসি। হার এড়ালেও হিসাবের মারপ্যাঁচে কপাল পুড়েছে তাদের; কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার আবাহনীর বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে শেখ রাসেল। আর মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ফর্টিস এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান।
আবাহনীর গোল দুটি করেছেন জোনাথন রেইস ও ওয়াশিংতন ব্রান্দাও।
শেখ রাসেলের ব্যর্থতায় তাদের সমান ৪ পয়েন্ট পেয়েও পরের ধাপে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গোল পার্থক্যে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে পুরান ঢাকার দলটি।
তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়ন আবাহনী।
মুন্সিগঞ্জে ভালেরি রিশি ফর্টিসকে এগিয়ে নেওয়ার পর মোহামেডানকে সমতায় ফেরান রাকিব আবেদিন।
‘সি’ গ্রুপের তিন রাউন্ডে কোনো দলই জিততে পারেনি। সবগুলো ম্যাচই ড্র। ফলে পয়েন্ট, গোল পার্থক্য তিন দলেরই সমান। বেশি গোল দেওয়ার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মোহামেডান ও রানার্সআপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী উঠেছে সেরা আটে।