Published : 07 Jun 2026, 06:16 PM
হ্যারি কেইন-প্রতিপক্ষের গোলমুখে ভয়ানক এক নাম, সত্যিকারের গোলমেশিন এবং সন্দেহাতীতভাবে সময়ের সেরা ফুটবলারদের একজন। ৩২ বছর বয়সেও তিনি দারুণ ফিট, কার্যকর ও গোলের জন্য ক্ষুধার্ত। আসছে বিশ্বকাপে তিনিই ইংল্যান্ডের আক্রমণের মূল অস্ত্র। ইংলিশরা যদি ছয় দশকের বিশ্বকাপ খরা এবার ঘোচাতে পারে, তাহলে হয়তো কাণ্ডারির ভূমিকাতেই দেখা যাবে বায়ার্ন মিউনিখ তারকাকে।
২০২৬ বিশ্বকাপে নিজ দেশের স্বপ্নের সারথীদের নিয়ে ফিফার আয়োজন ২৬ সুপারস্টার। এই পর্বে আছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।
ফুটবলের ময়দানে কেইনের অর্জন ও দক্ষতা
সিনিয়র ফুটবলে কেইনের যাত্রা শুরু ২০০৯ সালে, ১৬ বছর বয়সে। পরের কয়েক মৌসুমে অবশ্য দলে জায়গা পেতে বেশ ভুগতে হয় তাকে। ২০১৩-১৪ মৌসুমে প্রথম নিজের সামর্থ্য মেলে ধরতে পারেন তিনি এবং এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি।
সেই থেকে কেইনের পায়ে গোলের দেখা মিলেছে নিয়মিত। মাঠে তার যে দিকটা সবচেয়ে বেশি নজর কাড়ে, সেটা হলো প্রতিপক্ষের ডি-বক্সে তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং নিখুঁত শট। বুলেট গতির শটে নাড়িযে দিতে পারেন প্রতিপক্ষকে এবং নির্ভূল শট নিতে পারেন দুই পায়েই।
বাতাসেও তিনি দুর্দান্ত, যার প্রমাণ মেলে প্রিমিয়ার লিগে এক মৌসুমে হেডে সর্বোচ্চ ১০টি গোল করার রেকর্ড তার; গড়েছিলেন ২০২২-২৩ আসরে।
মাঠে দারুণ সব পাস দেওয়ায়ও পারদর্শী কেইন। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সতীর্থকে খুঁজে নেওয়ার পাশপাশি লম্বা থ্রু পাসে দারুণ অবদান রাখতে পারেন তিনি।
ব্যক্তিগত নৈপুণ্যের বেশ কিছু পুরস্কারও জিতেছেন কেইন, এর মধ্যে সবচয়ে উল্লেখযোগ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট।
এছাড়া প্রিমিয়ার লিগে তিনবার, বুন্ডেসলিগায় দুইবার এবং একবার যৌথভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
তবে, অসংখ্য গোল করেও ক্যারিয়ারে প্রথম শিরোপা জয়ের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় তাকে। টটেনহ্যাম ছেড়ে ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে, ক্লাবটির হয়েই ২০২৪-২৫ মৌসুমের প্রথম শিরোপার স্বাদ পান তিনি, উঁচিয়ে ধরেন বুন্ডেসলিগা ট্রফি।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুইবার ইউরো জয়ের খুব কাছাকাছি যান কেইন, কিন্তু দুইবার রানার্সআপ হয় তারা এবং ২০১৮ বিশ্বকাপে চতুর্থ হওয়া ইংল্যান্ড দলের সদস্য তিনি।
পরিসংখ্যানের আলোয় কেইন
• আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ৮০ সেকেন্ডের মধ্যে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেছিলেন কেইন। ২১ বছর বয়সে, লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে বদলি নামার পরপরই রাহিম স্টার্লিংয়ের ক্রসে হেডে গোলটি করেছিলেন তিনি।
• ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন। ২০২৩ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে, ইতালির বিপক্ষে জাতীয় দলের হয়ে ৫৪তম গোলটি করে আগের রেকর্ডধারী ওয়েইন রুনিকে ছাড়িয়ে যান তিনি
• ২০১৮ বিশ্বকাপে ছয়টি গোল করে গোল্ডেন বুট জয় করেন কেইন। ইংল্যান্ডের দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি পান তিনি; প্রথম জন হলেন গ্যারি লিনেকার, ১৯৮৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।
• গত ১৪ ফেব্রুয়ারি বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে দুইবার জালে বল পাঠিয়ে, প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে অফিসিয়াল ম্যাচে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন।
• এখন পর্যন্ত বুন্ডেসলিগায় ২৪টি পেনাল্টি শট নিয়ে প্রতিটিই লক্ষ্যে পাঠিয়েছেন কেইন। প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে কেউ এতগুলো শট নিয়ে শতভাগ সফল হতে পারেনি।
২০২৬ বিশ্বকাপ ঘিরে কেইন ও তার দলের প্রত্যাশা
সেই ১৯৬৬ সালে বিশ্বকাপে নিজেদের একমাত্র ট্রফিটি জিতেছিল ইংল্যান্ড। সেই থেকে অপেক্ষা কেবল দীর্ঘই হয়েছে তাদের। নতুন কোচ টমাস টুখেলের হাত ধরে এবার সেই প্রতীক্ষার ইতি টানার স্বপ্ন দেখছে দলটি। দলের গত কয়েক বছরের পারফরম্যান্সও তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।
বিশ্বকাপের বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আট ম্যাচের সবগুলো জয়ের পথে মোট ২২টি গোল করে দলটি, বিপরীতে তাদের জালে একবারও বল পাঠাতে পারেনি কেউ!
আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে টপ ফেভারিটদের একটি হিসেবেই থাকবে ইংল্যান্ড।
আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ইংল্যান্ডের। ‘এল’ গ্রুপের অন্য দুই দল ঘানা ও পানামা।