১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সালিবাকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন দেশম

ফ্রান্সের কোচ বলেছেন, শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন এই ডিফেন্ডার।

সালিবাকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন দেশম
জাতীয় দলের সঙ্গে অনুশীলনে উইলিয়াম সালিবা (বাঁয়ে)। ছবি: আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 05:32 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

বিশ্বকাপের আগে উইলিয়াম সালিবার ফিটনেস নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন দিদিয়ে দেশম। অভিজ্ঞ ডিফেন্ডার ভালো আছেন বলে জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ।

২২ বছর পর আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সালিবা পিঠের সমস্যায় ভুগছিলেন। এই কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ২৫ বছর বয়সী সেন্টার-ব্যাক, এমন শঙ্কা উঁকি দিচ্ছিল।

সেই কালো মেঘ কোত দি ভোয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিন সরিয়ে দেন দেশম। সালিবাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখেন না তিনি। তবে বৃহস্পতিবারের ম্যাচটিতে সালিবার খেলার সম্ভাবনা নেই। 

“উইলিয়াম ভালো আছে এবং তাকে বুঝেশুনে খেলানো হবে। আগামীকাল (বৃহস্পতিবার) যদি তার খেলার প্রয়োজন হতো, তাহলে সে খেলত।”

সম্প্রতি শেষ হওয়া মৌসুমে আর্সেনালের ৬৩ ম্যাচের ৫০টিতেই খেলেছেন সালিবা। দলটির চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠার পথেও তার ছিল বড় অবদান।

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে আগামী সোমবার নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ফরাসিরা।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু হবে আগামী ১৬ জুন, সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।