১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রোয়েশিয়ার দায়িত্বে ফিরলেন বিলিচ

২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার প্রধান কোচ ছিলেন তিনি।

ক্রোয়েশিয়ার দায়িত্বে ফিরলেন বিলিচ
দ্বিতীয় মেয়াদে ক্রোয়েশিয়ার প্রধান কোচ হলেন স্লাভেন বিলিচ (ডানে)। ছবি: ক্রোয়েশিয়া ফুটবল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 10:19 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

বিশ্বকাপ অভিযান শেষের পর, নতুন কোচ বেছে নিয়েছে ক্রোয়েশিয়া। জ্লাতকো দালিচের জায়গায় ১৪ বছর পর স্লাভেন বিলিচকে ফিরিয়েছে তারা। 

ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন সোমবার নির্বাহী কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করে।  

২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচ ছিলেন বিলিচ। তার কোচিংয়ে ৬৫ ম্যাচে ৪২টিতে জয়ের বিপরীতে ১৬ ম্যাচে হেরেছিল ক্রোয়াটরা।

এবারের বিশ্বকাপে শেষ বত্রিশে পর্তুগালের বিপক্ষে হেরে বিদায় নেয় ক্রোয়েশিয়া। এরপর গত সপ্তাহে সরে দাঁড়ান ৯ বছর প্রধান কোচ হিসেবে কাজ করা দালিচ। 

২০২৪ সালে সৌদি প্রো লিগের দল আল ফাতেহ ছাড়ার পর, কাজের বাইরে ছিলেন বিলিচ। ক্রোয়েশিয়া জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত ৫৭ বছর বয়সী কোচ। দলকে সেরাদের কাতারে রাখতে সম্ভাব‍্য সবকিছু করার কথা বললেন তিনি।

বিলিচের কোচিংয়ে ক্রোয়াটদের সর্বোচ্চ সাফল্য ছিল ইউরোর কোয়ার্টার-ফাইনালে খেলা। ২০০৮ সালের ওই আসরে তুরস্কের কাছে ১-০ ব্যবধানে হেরে শেষ আট থেকে বিদায় নেয় তারা। ২০১০ বিশ্বকাপ দলকে চূড়ান্ত পর্বে নিতে পারেননি তিনি। ২০১২ ইউরোর গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ক্রোয়েশিয়া।

জ্লাতকো দালিচের কোচিংয়ে স্বর্ণালী সময় পার করেছে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলার পাশাপাশি, পরের আসরের সেমি-ফাইনালে খেলেছে দেশটি। এছাড়া খেলেছে নেশন্স লিগের ফাইনালে। 

ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি ম‍্যাচ খেলেছেন বিলিচ। ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটির গুরুত্বপূর্ণ সদস‍্য ছিলেন তিনি।

আগামী ২৭ সেপ্টেম্বর নেশন্স লিগে চেকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়ার ফুটবলে শুরু হবে বিলিচের নতুন অধ‍্যায়।