Published : 11 Mar 2026, 12:03 PM
সভাপতি নির্বাচনের আগে সময় খুব বেশি নেই আর। এর মধ্যেই লিওনেল মেসিকে সব খোলাসা করতে বললেন বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী বিক্তর ফোন। তার আশা, বার্সেলোনার সর্বকালের সেরা তারকা যেন গোটা দুনিয়াকে জানিয়ে দেন, কেন তিনি ফিরতে পারেননি প্রিয় আঙিনায়।
বার্সেলোনার সভাপতি হওয়ার লড়াইয়ে এবার লাপোর্তার দুই প্রতিদ্বন্দ্বীর একজন এই ফোন। নির্বাচনের আগে লাপোর্তাকে কাবু করার বড় এক হাতিয়ার তার প্রতিদ্বন্দ্বিরা পেয়ে গেছে শাভি এর্নান্দেজের একটি মন্তব্য থেকে। বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার ও সাবেক কোচ সম্প্রতি মন্তব্য করেছেন, লাপোর্তার কারণেই বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি।
২০২৩ সালে পিএসএজি অধ্যায় শেষে মেসির বার্সেলোনায় ফেরার দারুণ এক সম্ভাবনা জেগে উঠেছিল। প্রিয় ক্লাবে রূপকথার সমাপ্তি হবে আর্জেন্টাইন জাদুকরের, সেই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছিল ফুটবল দুনিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বার্সেলোনার প্রতীক হয়ে ওঠা ফুটবলার পাড়ি জমান মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে।
বার্সেলোনার সভাপতি লাপোর্তা তখন বলেছিলেন, ক্যারিয়ারের শেষ সময়ে পাদপ্রদীপের আলো থেকে দূরে নিজের মতো করে থাকার জন্যই মায়ামিকে বেছে নিয়েছেন তাদের ক্লাবের আইকন। তবে বার্সেলোনার সেই সময়ের কোচ এর্নান্দেস সম্প্রতি বলেছেন, ক্ষমতার দ্বন্দ্বের ভয়ে লাপোর্তাই আটকে দিয়েছেন মেসির ফেরার পথ। তার দাবি, মেসি ফিরলে তার সঙ্গে সরাসরি সংঘাতের শঙ্কা তেখছিলেন লাপোর্তা। পুরো পরিস্থিতি নিয়ে ক্লাব সভাপতি মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ তোলেন এর্নান্দেস।
এর্নান্দেসের কথার সূত্র ধরেই মেসিকে দ্রুত মুখ খোলার অনুরোধ করলেন ফোন।
“আমার মনে হয় না, এখন থেকে রোববারের মধ্যে মেসি কিছু বলবে। তবে আশা করি, সে এমন কিছু করবে। আশা করি, সে সত্যিটা বলবে, যাতে লাপোর্তার দ্বারা বিভ্রান্ত হয়ে এবং হান্সি ফ্লিক এবং তরুণ খেলোয়াড়দের সৃষ্ট আশার বেসাসিতে অন্ধ হয়ে সোশিওরা যেন নির্বাচনে না যায়।"
বার্সেলোনার যে সমর্থকদের ক্লাবের মালিকানায় ভাগ আছে, তাদেরকে বলা হয় ‘সোশিও।’ তাদের ভোটেই সভাপতি নির্বাচন হয়। এবারের নির্বাচন আগামী রোববার।
মেসিকে বার্সেলোনায় ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েই ২০২১ সালে সভাপতি নির্বাচনে জিতেছিলেন লাপোর্তা। তবে সেই প্রতিশ্রুতি তিনি ধরে রাখতে পারেননি।