Published : 09 Apr 2025, 03:56 PM
বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন দাদির মৃত্যুর দুঃসংবাদ শোনেন দাভিদে ফ্রাত্তেসি। সেই কষ্ট বুকে নিয়েই দলের জয়ে বড় অবদান রাখেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার। তার শেষ মুহূর্তের গোলই যে গড়ে দেয় ব্যবধান।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জেতে ইন্টার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে এই জয় প্রয়াত দাদিকে উৎসর্গ করেন ফ্রাত্তেসি।
৩৮তম মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে এগিয়ে যায় ইন্টার। অনেকটা সময় ব্যবধান ধরে রাখে তারা। কিন্তু শেষ দিকে গোল হজম করে বসে দলটি। ৮৫তম মিনিটে বায়ার্নকে সমতার স্বস্তি এনে দেন টমাস মুলার।
তিন মিনিট পরই বায়ার্নের উচ্ছ্বাসের ঢেউ রূপ নেয় স্তব্ধতায়। কার্সেলোন অগাস্তুর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত শটে গোল করেন ৭৪তম মিনিটে বদলি নামা ফ্রাত্তেসি।
ম্যাচ শেষে ইন্টার টিভিতে দলকে জেতানোর উচ্ছ্বাসের পাশাপাশি দাদিকে হারানোর বেদনার কথাও তুলে ধরেন ইতালিয়ান এই ফুটবলার।
“জীবনে সবসময় ভেবেছি, আমার সেরা গুণটি হলো মানসিকতা। আমি এমন এক পরিস্থিতিতে পড়েছিলাম, নিজের স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলাম না।”
“আমি আমার দাদীর খুব ঘনিষ্ঠ ছিলাম এবং তাকে এভাবে দেখতে অভ্যস্ত ছিলাম না। এটা কঠিন ছিল, কিন্তু আমি জানি, তিনি আজ রাতে কোনো না কোনোভাবে তিনি সম্পৃক্ত ছিলেন। হয়তো তিনি উপর থেকে আমাকে উৎসাহিত করেছেন।”
আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগে ইন্টারের আঙিনা সান সিরোয় মুখোমুখি হবে দুই দল।