১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টের জয়ই ‘টার্নিং পয়েন্ট’, আরবেলোয়ার কাছে প্রতিটি ম্যাচই এখন ‘যুদ্ধ’

১০ জন ফুটবলারকে না পেয়ে চোট-জর্জর দল নিয়ে জিততে পারাকে বিশাল অর্জন মনে করছেন রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 01:45 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

শটে জোর ছিল না ততটা। তবে ছিল ভাগ্যের ছোঁয়া। ফেদে ভালভের্দের সেই শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক বদলে আশ্রয় নিল জালে। শেষ সময়ের সেই গোলেই কোনোরকমে জিততে পারল রেয়াল মাদ্রিদ। আলভারো আরবেলায়া তবু উচ্ছ্বসিত। চোট-জর্জর দল নিয়ে জিততে পারাকেই বিশাল অর্জন মনে করছেন তিনি। তার আশা, এই জয় থেকেই নতুন রূপে দেখা যাবে তার দলকে।  

সেল্তা ভিগোর মাঠে লা লিগার ম্যাচটিকে শুক্রবার একাদশ মিনিটে দারুণ গোলে রেয়াল মাদ্রিদকে এগিয়ে দেন অহেলিয়া চুয়ামেনি। তবে সেল্তা সমতায় ফেরে ১৪ মিনিট পরই।

ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া সেই মুহূর্তটি আসে ৯০ মিনিট শেষে যোগ করা পাঁচ মিনিটের এক মিনিট বাকি থাকতে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত সব গোল ক্যারিয়ারে করেছেন ভালভের্দে। তবে এবার তার শট খুব ভালো ছিল না। সেটিই দলকে এনে দিয়েছেন তিন পয়েন্ট।

এভাবে জিতেও রেয়াল কোচের খুশির কারণ দলের বাস্তবতা। চোট-জর্জর স্কোয়াড থেকে একাদশ দাঁড় করানোই কঠিন। সেল্তা ভিগো এই মৌসুমে খেলছে বেশ ভালো। সব মিলিয়েই জয়টিকে বড় প্রাপ্তি মনে করেন আরবেলোয়া।

“যেভাবে আমরা আজকের ম্যাচে এসেছি… যদি ভুল না করে থাকি, ১০ জন ফুটবলার মাঠের বাইরে… এমন অবস্থায় এই বিশাল অর্জন। ছেলেদের অনেক কৃতিত্ব প্রাপ্য। আমরা সবাই জানি বালাইদসে গিয়ে খেলা কতটা কঠিন, সেল্তা যেভাবে খেলছে, মাঠে যে আত্মবিশ্বাস তারা মেলে ধরছে… অবশ্যই আমরা খুবই খুশি।”

৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় এখন দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৪। তবে পরের ম্যাচটি জিতলেই ব্যবধান আবার ৪ পয়েন্টে নিয়ে যাবে কাতালানরা।

লিগের লড়াই এখনও অনেক বাকি আছে বলেই মনে করেন আরবেলোয়া। প্রতিটি ম্যাচকে তিনি নিতে চান লড়াইয়ের মঞ্চ হিসেবে। 

“লা লিগায় পথের এখনও অনেক বাকি। আরও অনেক পয়েন্ট অর্জন করা ব্যাপার আছে। ভুল যদি না করি, এখনও ৩৩ পয়েন্ট আছে (১১ ম্যাচ)। সত্যি বলতে মনে হতে পারে, এখনও কিছু শুরুই হয়নি।”

“প্রতিটি ম্যাচই হবে একেকটি যুদ্ধ। আজকে আমাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।”

সেই যুদ্ধ জয়ের জন্য রেয়াল কোচ এই ম্যাচকে দেখছেন প্রেরণা হিসেবে। 

“শেষ পর্যন্ত যদি আমরা লা লিগা জিততে পারি, আশা করি এই জয়টির কথা মনে রাখব। প্রতিটি ম্যাচে আমরা যে পথ অনুসরণ করতে চাই, সেদিকেই আমাদেরকে এগিয়ে নিয়েছে এই ম্যাচ। এটাই রেয়াল মাদ্রিদ, শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ও লড়াই থাকে। যে মানসিকতা আমরা মেলে ধরেছি…আশা করি, এটিই হবে টার্নিং পয়েন্ট এবং এরপর থেকে সবকিছুই অনেক ভালো হবে।”