১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনা ফেভারিট? যা বললেন আলোন্সো

টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রেয়াল মাদ্রিদ।

বার্সেলোনা ফেভারিট? যা বললেন আলোন্সো
ফাইনালের আগে ট্রফির পাশে দুই দলের কোচ হান্সি ফ্লিক (বাঁয়ে) ও শাবি আলোন্সো। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অনেকে এগিয়ে রাখছে বার্সেলোনাকে। শিরোপা লড়াইয়ের আগে রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সোর সংবাদ সম্মেলনেও ছুটে গেল প্রশ্নটি। ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার বললেন, ফুটবলে যে কোনো কিছু হতে পারে এবং জয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছেন তারা।

জেদ্দায় রোববার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ বার্সেলোনার বিপক্ষে চারবার দেখায় সবকটিতে হেরেছিল রেয়াল। এই মৌসুমে অবশ্য প্রথম দেখায় গত অক্টোবরে লা লিগার ম্যাচে ঘরের মাঠে কাতালান দলটিকে ২-১ গোলে হারায় ইউরোপের সফলতম ক্লাবটি।

ওই হারের পর থেকে দারুণ গতিতে ছুটছে বার্সেলোনা। লা লিগায় জিতেছে পরের ৯ ম‍্যাচেই। সব প্রতিযোগিতা মিলিয়েও টানা ৯ ম্যাচ জিতেছে হান্সি ফ্লিকের দল।

অক্টোবরের ক্লাসিকোর পর দুই দলই খেলেছে ১৪টি করে ম‍্যাচ। এর ১২টিতে জিতেছে বার্সেলোনা, একটিতে ড্র করেছে এবং হেরেছে একটিতে। অন‍্যদিকে রেয়াল জিতেছে আটটিতে, ড্র করেছে ও হেরেছে তিনটি করে ম‍্যাচে। লা লিগায় এক সময়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকা রেয়াল এখন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।

সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রেয়াল।

সব মিলিয়ে ফাইনালে বার্সেলোনাকেই ভাবা হচ্ছে ফেভারিট। শনিবার সংবাদ সম্মেলনে রেয়াল কোচ আলোন্সো বললেন, দলকে নিয়ে আত্মবিশ্বাসী তিনি। 

“এটা ফুটবল। যে কোনো কিছু হতে পারে। আমরা জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আত্মবিশ্বাসী।”

“এটা বিশেষ এক ম্যাচ। সূচিতে সুপার কাপ দেখার সময় আমরা এখানে থাকতে চেয়েছিলাম। আমাদের আজ বিকালের অনুশীলনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এটি এমন এক ফাইনাল যেখানে জয়ের জন্য কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তা জানতে হবে। আমরা প্রস্তুত।”

এই ধরনের ম্যাচে কেউ ফেভারিট থাকে না বলে মনে করেন বার্সেলোনা কোচ ফ্লিক।

“না (ফেভারিট নেই)। আমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম। দুটি ম্যাচ বাকি ছিল, কিন্তু গুরুত্বপূর্ণটি ছিল সেমি-ফাইনাল। এখন কেবল একটি ম্যাচ বাকি, ফাইনাল।”

“আমার মতে ফাইনাল সবসময় ভিন্ন, ক্লাসিকোও। সবাই এই ম্যাচটা দেখতে চায়। আমি লোকের কথা শুনি না, কারণ আমার আগ্রহের বিষয় হলো খেলাটা খেলা।”