Published : 26 Aug 2026, 04:59 PM
১৫ বছর আগে দেউলিয়া হয়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল এস্ত্রেলা দা অ্যামাদোরা। সেই ক্লাবটিই নতুনভাবে জন্ম দিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন খেলছে পর্তুগালের শীর্ষ লিগে। সামনের পথচলায় এবার ক্লাবটি পেল নতুন প্রেরণার রসদ। পর্তুগিজ ক্লাবটি কিনে নিয়েছেন চার ফুটবল তারকা, যাদের তিনজনই বিশ্বকাপজয়ী।
এস্ত্রেলার ৯০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম, সেই বিনিয়োগকারী গোষ্ঠীর অংশ বিশ্বকাপজয়ী তিন ফুটবলার টমাস মুলার, মাটস হুমেলস ও লুকাস এরনঁদেজ। তাদের সঙ্গে আছেন আরেক তারকা ইয়ান সমের।
জানা গেছে, ক্লাবের প্রাক্তন মালিক ও সভাপতি পাউলো লোপোকে ৪ কোটি ইউরো (৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) প্রদান করেছে এই কনসোর্টিয়াম। ২০২০ সালে ৭২ হাজার (৮৪ হাজার ডলার) দিয়ে ক্লাবটি কিনেছিলেন লোপো।
এস্ত্রেলা ক্লাবের পক্ষ থেকে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার। কনসোর্টিয়ামটির নেতৃত্বে রয়েছে ‘অ্যাডভান্টেজ’ ও ‘লিড’ গ্রুপ এবং এতে ‘কেআই’ গ্রুপ সহায়তা করছে।
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল মুলার ও হুমেলসের, চার বছর পর ফ্রান্সের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এরনদেঁজ।
সুইস গোলকিপার সমের বরুশিয়া মানশেনগ্লাডবাখে ৯ বছর খেলার পর বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান হয়ে এখন খেলছেন ক্লাব ব্রুগায়। ৩৭ বছর বয়সী গোলকিপার সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ, দলে ছিলেন তিনটি বিশ্বকাপে।
এই চারজনের মূল যোগসূত্র বায়ার্ন। ক্যারিয়ারের নানা পর্যায়ে চারজনই খেলেছেন বায়ার্নে এবং কোনো না কোনো সময়ে তিনজনের সঙ্গে খেলেছেন মুলার।
বায়ার্ন মিউনিখ ও জার্মানির গ্রেট মুলার এখন খেলছেন ভ্যানকুভার হোয়াইটক্যাপসে। এরনঁদেজের ঠিকানা এখন পিএসজি।
বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখে দুই দফায় করে ১৮ বছর খেলে পরে রোমায় এক মৌসুম খেলে ২০২৫ সালে অবসরে যান সেন্টার ব্যাক হুমেলস।
এস্ত্রেলা ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৩২ সালে। লিসবনের উপকণ্ঠ অ্যামাদোরা শহরের ক্লাবটি ২০১১ সালে দেউলিয়া হয়ে যায়। ২০২০ সালে ক্লাব সিন্ত্রার সঙ্গে একীভূত হয়ে নতুনভাবে জন্ম নেয় ক্লাবটি এবং তৃতীয় বিভাগ থেকে শুরু করে নবযাত্রা। চমকপ্রদ পথচলায় ২০২৩ সালে তারা আবার উঠে আসে পর্তুগালের শীর্ষ লিগে।