২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কষ্টার্জিত জয়ের পর প্রতিপক্ষের প্রশংসায় আর্জেন্টিনা কোচ

চিলির বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়া তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন লিওনেল স্কালোনি।

কষ্টার্জিত জয়ের পর প্রতিপক্ষের প্রশংসায় আর্জেন্টিনা কোচ
লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

পয়েন্ট টেবিলে দুই দলের মাঝে যে ব্যবধান, মাঠের পারফরম্যান্সে তা একদমই পড়েনি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে তলানির দল চিলি। কোনোমতে জিততে পেরে তাই খুশি বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। স্তুতির জোয়ারে ভাসালেন প্রতিপক্ষকে।

চিলির মাঠে শুক্রবার হুলিয়ান আলভারেসের একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। টানা চতুর্থ জয়ে টেবিলে তাদের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে। আর এই পরাজয়ে বৈশ্বিক আসরের চূড়ান্ত পর্বে খেলার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেছে চিলির।

বল দখল, আক্রমণ; ম্যাচে সব দিকেই প্রতিপক্ষের তুলনায় ভালো করে আর্জেন্টিনা। বিশেষ করে, প্রথমার্ধে আধিপত্য ছিল তাদের। ষোড়শ মিনিটে এগিয়েও যায় দলটি। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। 

চিলি ম্যাচের ফেরার তীব্র চেষ্টা চালায় দ্বিতীয়ার্ধে। আক্রমণাত্মক ফুটবলে তখন আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয় দলটি। ম্যাচে সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা।

লড়াই শেষে প্রতিপক্ষের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের প্রশংসা করেন আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি।

“দ্বিতীয়ার্ধে তারা আমাদের ভুগিয়েছে। পাল্টা আক্রমণে আমরা ২-০ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি। তবে এটাই ফুটবল; মাঠে আধিপত্য করার সময়ই গোল করার চেষ্টা করতে হয়, আর যখন প্রতিপক্ষ আধিপত্য দেখায় তখন রক্ষণ সামলাতে হয়।”

১৭ বছর ২৯৫ দিন বয়সে এদিন মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। সবচেয়ে কম বয়সে প্রীতি ম্যাচ খেলার রেকর্ডটি অবশ্য এখনও কিংবদন্তি দিয়েগো মারাদোনার দখলে। 

সম্ভাবনাময় তরুণ মিডফিল্ডার মাস্তানতুয়োনোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন স্কালোনি।

“আমরা এই সময়ে তার সঙ্গে কম কথা বলার চেষ্টা করেছি। কারণ এই বয়সে জাতীয় দলের জার্সিতে খেলার প্রথম অভিজ্ঞতা সবসময় অসাধারণ কিছু হয়। এমন পরিস্থিতিতে কেউ তার সঙ্গে কথা বললে হয়তো সে আরও স্নায়ুচাপে ভুগবে। তাকে আমাদের শান্ত রাখতে হবে এবং সে আমাদের শক্তিশালী করতে সাহায্য করবে।”

বাছাইপর্বে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।