Published : 23 Aug 2026, 07:58 AM
এস্পানিওলের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাতে বসেছিল রেয়াল মাদ্রিদ। বদলি নেমে শেষ সময়ে দলকে জয়ের হাসি উপহার দিলেন কার্লোস এস্পি।
প্রতিপক্ষের মাঠে লা লিগায় অভিযান শুরুর ম্যাচে ২-১ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল। জুড বেলিংহ্যাম সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন আলেক্স কালাত্রাভা। পরে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান গড়ে দেন তরুণ ফরোয়ার্ড এস্পি।
জোসে মরিনিয়োর দ্বিতীয় মেয়াদে নবম মিনিটেই গোলের দেখা পায় রেয়াল। ডি-বক্সের অনেক বাইরে বাঁ দিকে ফ্রি কিক পায় তারা। দারুণ একটা ক্রস বাড়ান আর্দা গিলের এবং ভিড়ের মধ্যে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম।
প্রথম ২৫ মিনিটে প্রতিপক্ষের একচেটিয়া আধিপত্যের পর, পাল্টা আক্রমণ শুরু করে এস্পানিওল। ৩০তম মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে ঠাণ্ডা মাথায় শটে তিবো কোর্তোয়াকে পরাস্ত করেন কালাত্রাভা।
ক্যারিয়ারে লা লিগায় দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোলের খাতা খুললেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার।
বিরতির আগে প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্বলতায় গোলমুখে হঠাৎ করেই একটা হাফ-চান্স পান এমবাপে, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা। তিন মিনিট পর অন্যপাশে নিশ্চিত সুযোগ পান রবের্তো ফের্নান্দেস; কিন্তু ফাঁকায় বল পেয়েও তিনি ঠিকঠাক হেড করতে না পারায় বেঁচে যায় রেয়াল।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আবার গোল পেতে পারতেন বেলিংহ্যাম। তবে এবার তার জোরাল হেড কোনোমতে একহাত দিয়ে রুখে দেন গোলরক্ষক। ফিরতি বল লাফিয়ে হেড করার চেষ্টা করলেও পারেননি এমবাপে।
৬৪তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন করেন মরিনিয়ো। ডিফেন্ডার আলভারো কাররেরাস ও মিডফিল্ডার আর্দা গিলেরকে তুলে বদলি নামান দলের নতুন দুই মুখ মার্ক কুকুরেইয়া ও উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে।
প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখলেও, খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না রেয়াল। বাঁ দিক দিয়ে বারবার ভেতরে ঢোকার চেষ্টা করেও শেষটা ভালো হচ্ছিল না ভিনিসিউসের।
৭৮তম মিনিটে রেয়ালের সামনে দুর্ভাগ্যও বাধা হয়ে দাঁড়ায়, ফেদে ভালভের্দের শট পোস্টে লেগে বাইরে যায়। সময় ফুরিয়ে আসছিল, একের পর এক আক্রমণ করেও ফল পাচ্ছিল না দলটি।
৮০তম মিনিটে বেলিংহ্যামকে তুলে এস্পিকে মাঠে নামান কোচ এবং তার এই সিদ্ধান্ত সাফল্য বয়ে আনে। আরও একবার ডি-বক্সে ঢুকে পজেশন হারিয়ে ফেলেন এমবাপে, তবে সময়মতো ছুটে গিয়ে বল ধরার ফাঁকেই গোলরক্ষককে এড়িয়ে জোরাল শটে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
রেয়াল মাদ্রিদের জার্সিতে ১০ মিনিট খেলেই গোলের খাতা খুললেন গত জুলাইয়ে লেভান্তে থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা এস্পি। প্রথম ম্যাচেই হলেন দলের শেষের নায়ক।