২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এমবাপেকে নিয়ে নিশ্চিত নন রেয়াল মাদ্রিদ কোচ

ম্যাচের দিন সকালে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে সিদ্ধান্ত নেবেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো।

এমবাপেকে নিয়ে নিশ্চিত নন রেয়াল মাদ্রিদ কোচ
কিলিয়ান এমবাপে ও শাবি আলোন্সো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

অসুস্থতা কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন কিলিয়ান এমবাপে। কোয়ার্টার-ফাইনালে কি শুরুর একাদশে দেখা যাবে তাকে? ম্যাচের আগের দিনও তা নিশ্চিত করে বলতে পারেননি রেয়াল মাদ্রিদের কোচ শাবি আলোন্সো। সিদ্ধান্ত নেবেন তিনি ম্যাচের দিন সকালে।

অসুস্থতার জন্য ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো ম্যাচ খেলতে পারেননি এমবাপে। পরে শেষ ষোলোয় ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে গন্সালো গার্সিয়ার বদলি হিসেবে ৬৮তম মিনিটে মাঠে নামানো হয় ফরাসি তারকাকে।

ওই ম্যাচের পর আলোন্সো বলেছিলেন, কোয়ার্টার-ফাইনালের আগে এমবাপেকে পুরোপুরি প্রস্তুত পাবেন বলেই তার ধারণা। কিন্তু ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচের কণ্ঠে অনিশ্চয়তার সুর।

“সে ক্রমেই ভালো হয়ে উঠছে। গত তিন দিনে তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে এখনও আমরা নিশ্চিত নই। আগামীকাল সকালে আমরা সিদ্ধান্ত নেব তাকে শুরুর একাদশে রাখা হবে কি না।”

এমবাপের অসুস্থতায় সেরা একাদশে সুযোগ পেয়ে দারুণভাবে লুফে নিয়েছেন গন্সালো গার্সিয়া। চার ম্যাচে তিনটি গোল করেছেন তরুণ এই ফরোয়ার্ড, সহায়তা করেছেন এক গোলে। তার গোলেই ইউভেন্তুসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রেয়াল।

কোয়ার্টার-ফাইনালে নিউ জার্সিতে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় রেয়াল মাদ্রিদ লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। জার্মান দল বায়ার লেভারকুজেনের দায়িত্বে থাকায় ডর্টমুন্ডকে খুব ভালো করেই চেনেন আলোন্সো। কঠিন লড়াই হবে বলেই মনে করেন রেয়াল কোচ। 

“ডর্টমুন্ড খুব ভালো দল। ওদের এই কোচ (নিকো কোভাচ) দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটি গড়ে উঠছে, উন্নতি করছে এবং ওপরের দিকে উঠছে। কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি আমরা… আঁটসাঁট একটি ম্যাচ হবে।”