১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জিরোনার বিপক্ষে প্রতিশোধ নিতে মুখিয়ে বার্সা কোচ

মৌসুমে প্রথম দেখায় দলটির বিপক্ষে হারের ক্ষতে প্রলেপ লাগাতে চান শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:46 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

লা লিগায় যে দল জায়গা পায় না নিয়মিত, সেই জিরোনা এবার মৌসুমের শুরু থেকে উপহার দিচ্ছে চমক জাগানো সব পারফরম্যান্স। চলতি মৌসুমে তাদের সেরা সাফল্যগুলোর একটি নিঃসন্দেহে বার্সেলোনার বিপক্ষে ইতিহাস গড়া জয়। যে ম্যাচটি ভুলতে পারছেন না বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস। এবার তাই প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন তিনি।   

শিগগিরই সেই সুযোগ পাচ্ছে বার্সেলোনা। চলতি লিগে দ্বিতীয় লেগে শনিবার জিরোনার মুখোমুখি হতে যাচ্ছে শাভির দল।

জিরোনার বিপক্ষে গত ডিসেম্বরে প্রথম দেখায় ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হেরেছিল কাতালান ক্লাবটি। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে প্রথমবারের মতো সেই জয়ে লিগ টেবিলে শীর্ষেও ওঠে জিরোনা। 

এখন অবশ্য সবার ওপরে রেয়াল মাদ্রিদ। ৩৩ রাউন্ড শেষে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়েও আছে কার্লো আনচেলত্তির দল। ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। তিনে জিরোনার পয়েন্ট ৭১।

এই নিয়ে স্রেফ চতুর্থবারের মতো লা লিগায় খেলছে জিরোনা। আগে কখনও ১০ নম্বরের চেয়ে ভালো অবস্থানে থেকে লিগ শেষ করতে পারেনি দলটি। তিন বছর পর গত মৌসুমে স্পেনের শীর্ষে লিগে ফিরে দশম হয় তারা। এবার দলটি আশায় আছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার। 

জিরোনা ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে শাভি বললেন, প্রতিপক্ষের কোচ মিচেলের সঙ্গে তার কোনো লড়াই নেই। তবে প্রথম দেখার হারের বদলা নিতে চান তিনি। 

“মিচেলের সঙ্গে কোনো লড়াই নেই। তবে মৌসুমের প্রথম ভাগের (হারের) প্রতিশোধ নেওয়ার একটি চ্যালেঞ্জ রয়েছে। তারা অনেক আক্রমণাত্মক ছিল, আমরা ভালোভাবে মানিয়ে নিতে পারিনি, বক্সে তাদের ঠিকভাবে রুখতে পারিনি। এটা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, লড়াইটা দল হিসেবে।”

দারুণ ছন্দে থাকা জিরোনা সবশেষ দুটি লিগ ম্যাচ জিতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে। শাভির দলকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যাবে তারা। তাই ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বার্সেলোনা কোচ।

“গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। জিরোনার আত্মবিশ্বাস এখন চূড়ায়। তাদের অভিনন্দন জানাতেই হবে। মৌসুমটা দুর্দান্ত কাটছে তাদের, অসাধারণ পর্যায়ের, চ্যাম্পিয়ন্স লিগ মানের। আমরা বিশ্লেষণ করে দেখেছি, ঘরের মাঠে ওদেরকে আমরা ঠিকভাবে আটকাতে পারিনি।”

লিগে পঞ্চম স্থানে থাকা আথলেতিক বিলবাওয়ের সঙ্গে জিরোনার পয়েন্টের ব্যবধান ১৩। শুক্রবার গেতাফের বিপক্ষে বিলবাও হারলে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে জিরোনার খেলা নিশ্চিত হয়ে যাবে।